02/02/2026
নিজস্ব প্রতিবেদক | Published: 2026-02-02 14:58:05
নির্বাচনের আগে একটি দল নিজেদের স্বার্থ রক্ষার জন্য ধর্মকে ব্যবহার করছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে হাজারো-কোটি মানুষের সামনে দাঁড়িয়েও যারা মিথ্যা কথা বলে তারা আর যাই হোক, কখনো জনদরদী হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
আজ সোমবার নগরীর খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে খুলনা মহানগর ও জেলা বিএনপির আয়োজনে এক নির্বাচনী জনসভায় তিনি এ মন্তব্য করেন।
প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, ‘আমরা দেখছি একটি রাজনৈতিক দল নারীদের ঘরে আটকে রাখতে চায়। দলটির একজন নেতা পরিষ্কারভাবে নারীদের অসম্মান করেছেন। অথচ আমাদের মহানবীর স্ত্রী বিবি খাদিজা ছিলেন একজন কর্মমুখী নারী এবং সফল ব্যবসায়ী।’
তিনি বলেন, ‘একটি রাজনৈতিক দল বলছে তারা ইসলামী শাসন কায়েম করতে চায়। কিন্তু নির্বাচনের আগে তারা নারীদের নিয়ে অসম্মানজনক মন্তব্য করছেন। এরা শুধু নিজেদের স্বার্থ নিয়েই কথা বলছে।’
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল আইডি হ্যাক নিয়ে মিথ্যাচারের অভিযোগ করেন তারেক রহমান। তিনি বলেন, ‘দেশের অর্ধেক জনগোষ্ঠীকে যারা ঘরের মধ্যে বন্দী করতে চায়, তারা নির্বাচনে সুযোগ পেলে তাদের আচরণ কী হতে পারে? তারা দেশের স্বার্থ বুঝে না, তারা শুধু নিজের স্বার্থ বুঝে। স্বার্থের প্রয়োজনে তারা ধর্মকে ব্যবহার করে।’
জামায়াত আমিরের ‘এক্স’ অ্যাকাউন্ট হ্যাক হওয়া প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘যখন সমাজের প্রত্যেকটি মানুষের কাছ থেকে সমালোচনা শুরু হয়েছে তখন বললো আইডি নাকি হ্যাক হয়েছে। অথচ, যারা বিশেষজ্ঞ তারা বলেছে এভাবে আইডি হ্যাক হতে পারে না। এরা নির্বাচনের আগে নিজেদের স্বার্থে নেতা থেকে পুরো দল মিথ্যা কথা বলে যাচ্ছে। তারা মিথ্যাবাদী। হাজারো-কোটি মানুষের সামনে দাড়িয়েও যারা মিথ্যা কথা বলে তারা আর যাই হোক, এরা কখনো জনদরদী, দেশদরদী হতে পারে না।’
দীর্ঘদিনের অপশাসন পরবর্তী বাংলাদেশ গড়তে নারীদের অবদানের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘বিএনপি কাজ করে শুধু জনগণের জন্য, দেশ পুনর্গঠনের জন্য। দেশকে পুনর্গঠন করতে হলে দল-মত, শ্রেণি-পেশার মানুষকে নিয়ে পুনর্গঠন করতে হবে। এই দেশের অর্ধেক জনসংখ্যা নারী। তাদের বাদ দিয়ে এই দেশে হয়তো অন্য কাজ করা যাবে কিন্তু কখনো দেশ পুনর্গঠন করা যাবে না।’
খুলনাকে মৃত শিল্প নগরী হিসেবে উল্লেখ করে বিএনপি সরকার গঠন করলে গ্যাস সরবরাহ নিশ্চিত করে শিল্প নগরীকে পুনরায় জীবিত করার প্রতিশ্রুতি দেন তারেক রহমান। তিনি বলেন, তরুণদের জন্য আইটি পার্ক এবং নারী-পুরুষ উভয়ের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা হবে। এ ছাড়া খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার কৃষক ভাইদের জন্য ‘কৃষি কার্ড’ প্রবর্তনের ঘোষণাও দেন তিনি।
বক্তব্যের শেষে উপস্থিত জনতাকে আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘যারা আপনাদের অপমান করে, তাদের জবাব দেওয়ার সময় এসেছে। ১২ তারিখ ব্যালটের মাধ্যমে আপনারা আপনাদের অধিকার ফিরে পাবেন, ইনশাআল্লাহ।’
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81