02/08/2026
নিজস্ব প্রতিবেদক | Published: 2026-02-08 14:18:56
নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, বাংলাদেশে এমন একটি দল আছে যারা আবোল-তাবোল বলছে। তাদের একমাত্র কাজ হল মুনাফেকি করা। তারা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামের পরিবর্তে কর্নেল অলি আহমদকে স্বাধীনতার ঘোষক বানাতে চায়। তাদের মুনাফেকি সম্পর্কে সব নেতাকর্মীদের সতর্ক ও সজাগ থাকতে হবে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মদন উপজেলার জাহাঙ্গীরপুর তহুরা আমিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাবর বলেন, যারা ৭১ ও ২৪ কে একসঙ্গে তুলনা করতে চায়, তারা এদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। আমরা ৭১-এর মহান মুক্তিযুদ্ধকে যেমন শ্রদ্ধাভরে স্বরণ করি, ঠিক ২৪-এর গণঅভ্যুত্থানকে শ্রদ্ধাভরে স্বরণ করি। ৭১ নিয়ে কথা বললে তারা চুপ থাকে, কোনো কথা বলে না।
তিনি আরও বলেন, আমার নেতা ১৭ বছর নির্বাসনে ছিলেন। সেখানে তিনি এমনি বসে থাকেননি, উনার একটা প্ল্যান আছে। সেই প্ল্যান তিনি বাস্তবায়ন করবেন ইনশাল্লাহ। যদি আমরা সব সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠন করি, তাহলে বিএনপি ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের ব্যবস্থা করবে।
মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুড়িকে মাদক ও জুয়া মুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলা হবে বলেও জানান তিনি।
মদন উপজেলা বিএনপির সভাপতি এন আলমের সভাপতিত্বে ও পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দনের সঞ্চালনায় নির্বাচনি জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনি, সদর উপজেলা বিএনপির সভাপতি মজিবুর রহমান খান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের সহকারী মহাসচিব গাজী আব্দুর রহিম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ আলম সেকুল, সাংগঠনিক সম্পাদক ফজলে এলাহি টুটন ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদির।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81