31684

02/10/2026

৬০ শতাংশ ভোটার তারেক রহমানকে প্রধানমন্ত্রী দেখতে চান

বিশেষ প্রতিবেদক | Published: 2026-02-09 21:21:40

আগামী ১২ ফেব্রুয়ারি বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘদিন পর দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাচ্ছেন। যার মাধ্যমে আগামী পাঁচ বছরের জন্য দেশের ১২ কোটি ভোটার নতুন সরকার এবং প্রধানমন্ত্রী বেছে নেবেন।

এই নির্বাচন উপলক্ষে সাধারণ ভোটারদের মতামত জানতে গত ২৭ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের ৫২টি নির্বাচনী আসন এবং আটটি বিশ্ববিদ্যালয়ে জরিপ চালায় স্বনামধন্য পত্রিকা 'দৈনিক ইনকিলাব'।

এই আটটি বিশ্ববিদ্যালয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়।

জরিপে অংশগ্রহণকারীদের ৬০ দশমিক ৭০ শতাংশ বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান।

উক্ত জরিপে সর্বমোট ৯ হাজার ৬৬৯ জন ভোটার তাদের মতামত দিয়েছেন। এর মধ্যে সাত হাজার ৩৯১ জন (৭৬.৪৪%) পুরুষ ও দুই হাজার ২৭৮ জন (২৩.৫৫%) নারী ভোটার।

মতামত প্রদানকারীদের মধ্যে ১৮ থেকে ৩০ বছর বয়সী তিন হাজার ৫৭২ জন (৩৬.৯৪%), ৩১ থেকে ৪৫ বছর বয়সী তিন হাজার দুজন (৩১.০৪%), ৪৬ থেকে ৬০ বছর বয়সী দুই হাজার ১৩৮ জন (২২.১১%) ও ৬০ বছরের ঊর্ধ্বে ৭১০ জন (৭.৩৪%)।

এর মধ্যে শিক্ষার্থী দুই হাজার ৭৪০ জন (২৭.৯৬%), চাকরিজীবী এক হাজার ৯৯৭ জন (২০.৬৫%), ব্যবসায়ী দুই হাজার ৪৪৭ জন (২৫.৩০%), গৃহিণী ৯২৭ জন (৯.৫৮%), কৃষক ৬১১ জন (৬.৩১%), শ্রমিক ৮২৭ জন (৮.৫৫%)।

জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক জেন-জি এবং প্রথমবার ভোটাধিকার প্রয়োগ করবেন এমন ভোটার ছিলেন দুই হাজার ৩২১ জন, যা মোট অংশগ্রহণকারীর ২৪ শতাংশ।

তারা স্বতঃস্ফূর্তভাবে নিজেদের মতামত ব্যক্ত করেন এই জরিপে। আর এসব ভোটারের মধ্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানই প্রধানমন্ত্রী হিসেবে পছন্দের শীর্ষে।

জরিপে অংশগ্রহণকারীদের কাছে জানতে চাওয়া হয়েছিলো আগামী নির্বাচনে কাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান?

এই প্রশ্নের জবাবে ৯ হাজার ৬৬৯ জনের মধ্যে পাঁচ হাজার ৮৭০ জন মতামত দিয়েছেন, তারা আগামী নির্বাচনের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। যা অংশগ্রহণকারীদের মধ্যে ৬০ দশমিক ৭০ শতাংশ।

এরপর রয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান তিন হাজার ১৬৩ জন। যা অংশগ্রহণকারীর ৩২ দশমিক ৭২ শতাংশ।

এছাড়া অন্যান্যদের মধ্যে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে প্রধানমন্ত্রী হিসেবে চান ১৫৮ জন (১.৬৩%), ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমকে চান ২০২ জন (২.০৮%), জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে চান ৭৮ জন (.৮০%)।

জরিপে উল্লিখিত ব্যক্তিদের কাউকেই প্রধানমন্ত্রী হিসেবে পছন্দ নয়; এমন প্রশ্নে মতামত দিয়েছেন ২২৫ জন (২.৩২%)।


Editor & Publisher : Md. Motiur Rahman

Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81