02/14/2026
নিজস্ব প্রতিবেদক | Published: 2026-02-14 06:14:54
সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুস্পষ্টভাবে ফলাফলে কারচুপি হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ‘শেষ মুহূর্তে ১০ শতাংশ ভোটে কারচুপি হয়েছে।’
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলের জরুরি বৈঠক শেষে তিনি এমন অভিযোগ করেন।
নাহিদ ইসলাম বলেন, ‘অনেক আসনকে টার্গেট করে জোর করে, প্রশাসনকে ব্যবহার করে ফলাফল পরিবর্তন করে দেওয়া হয়েছে।’
বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘আমরা যে প্ল্যানের কথা শুনেছি, সেটি বাস্তবায়ন করা হচ্ছে। যেভাবে হামলা এসেছে, এই দলের কাছে কীভাবে মানুষ নিরাপদ থাকবে তা প্রশ্ন উঠেছে।’
এনসিপির আহ্বায়ক বলেন, ‘নির্বাচনে দুটি পক্ষ ছিল। সংস্কারের পক্ষে একটি, আরেকটি যারা পুরোনো বন্দোবস্ত ফিরিয়ে আনতে চায়।’
ব্রিফিংয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, ‘নির্বাচনকে আমরা স্বাগত জানিয়েছিলাম। বাংলাদেশ স্থিতিশীল হবে সে প্রত্যাশা ছিল। কিন্তু তারা অস্থিতিশীলতার দিকে ঠেলে দিলে তা হবে দুর্ভাগ্যজনক হবে। কারণ একটা সময় পর্যন্ত ভোট ভালো দেখানো হয়েছে।’
এসময় ভোটগণনা উল্টোভাবে হয়েছে বলে অভিযোগ করেন মামুনুল হক।
হুঁশিয়ার করে তিনি বলেন, ‘জুলাই বিপ্লবের চেতনাকে ধংস করা হলে আমরা কম্প্রোমাইজ করব না। জনগণের রায়কে অশ্রদ্ধা দেখানো হয়েছে। আশা করি, বাংলাদেশের মানুষ তাদের অধিকার উদ্ধার করবে।’
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81