02/17/2026
নিজস্ব প্রতিবেদক | Published: 2026-02-17 12:27:04
বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিলে ১১ দলীয় জোটের সদস্যরা কোনো শপথই নেবেন না বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এই তথ্য জানান।
তিনি বলেন, বিএনপি যদি সংবিধান সংশোধনী পরিষদের শপথ না নেয় তাহলে অভ্যুত্থানের পর যে সংস্কার আকাঙ্ক্ষা তা ব্যাহত হবে। আমরা জুলাইয়ের চেতনা সমুন্নত রাখতে বদ্ধপরিকর। তারা সংবিধান সংশোধনী পরিষদে শপথ না নিলে জামায়াতের কোনো এমপি সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করবে না। এখন পর্যন্ত এটাই আমাদের সিদ্ধান্ত।
আলোচনা করে শপথের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন পাবনা-১ আসন থেকে জামায়াতে ইসলামীর নবনির্বাচিত এমপি ব্যারিস্টার নাজিবুর রহমান।
আজ সংসদ সচিবালয় ত্রয়োদশ জাতীয় সংসদের নব-নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ ও সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথ গ্রহণের প্রস্তুতি রেখেছিল। তবে বিএনপি সংসদ সদস্যদের শপথ গ্রহণ করলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন না বলে জানিয়ে দিয়েছে।
শপথ গ্রহণের আগে কক্সবাজার–১ আসনে বিএনপির নির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ ফরম থাকলেও আমরা (বিএনপি) কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। এছাড়া সংবিধানে এটা এখনও ধারণ করা হয়নি।
তিনি বলেন, গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে। এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের কে শপথ নেয়াবেন, সেটা বিধান করতে হবে।
বেলা পৌনে ১১টার দিকে সংসদ ভবনের শপথ কক্ষে এই শপথ অনুষ্ঠান হয়। শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।
এর আগে মঙ্গলবার সকাল ৯টা থেকে সংসদ ভবনের গেটে নবনির্বাচিত এমপিদের গাড়ি প্রবেশ করতে শুরু করে। রেওয়াজ অনুযায়ী, সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির নির্বাচিতদের শপথই আগে পড়ানো হলো।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81