32180

03/09/2026

লেবাননের জনবসতিপূর্ণ এলাকায় সাদা ফসফরাস ব্যবহার ইসরাইলের

নিজস্ব প্রতিবেদক | Published: 2026-03-09 16:43:16

দক্ষিণ লেবাননের জনবসতিপূর্ণ এলাকায় ইসরায়েলি বাহিনী আন্তর্জাতিক মানবিক আইন বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিষিদ্ধ সাদা ফসফরাস (White Phosphorus) ব্যবহার করছে বলে অকাট্য প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (HRW)। সোমবার (৯ মার্চ) প্রকাশিত এক চাঞ্চল্যকর প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে, গত ৩ মার্চ দক্ষিণ লেবাননের ইয়োহমোর গ্রামের আবাসিক এলাকায় এই প্রাণঘাতী রাসায়নিক অস্ত্র নিক্ষেপ করা হয়েছে, যার ফলে অন্তত দুটি বাড়ি ও একটি গাড়ি ভস্মীভূত হয়েছে।

 

এইচআরডব্লিউ সাতটি ছবি ও ভিডিও ফুটেজ পুঙ্খানুপুঙ্খ যাচাই করে নিশ্চিত করেছে যে, ইসরায়েলি সামরিক বাহিনী ১৫৫ মিলিমিটার আর্টিলারি প্রজেক্টাইল ব্যবহার করে এই হামলা চালিয়েছে। সাদা ফসফরাস অক্সিজেনের সংস্পর্শে আসা মাত্রই প্রজ্বলিত হয় এবং এটি মানবদেহে হাড় পর্যন্ত পুড়িয়ে দেওয়ার মতো গভীর ও দুঃসহ ক্ষত সৃষ্টি করে। সংস্থাটির লেবানন গবেষক রামজি কাইস এই ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক অভিহিত করে জানিয়েছেন যে, জনাকীর্ণ এলাকায় এই অস্ত্রের ব্যবহার বেসামরিক নাগরিকদের জন্য দীর্ঘমেয়াদী এবং ভয়াবহ পরিণতি বয়ে আনবে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী কেবল ইয়োহমোর গ্রামেই নয়, বরং ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের মে মাসের মধ্যেও দক্ষিণ লেবাননের সীমান্ত সংলগ্ন গ্রামগুলোতে বারবার সাদা ফসফরাস ব্যবহার করে বেসামরিক নাগরিকদের জীবন ঝুঁকির মুখে ফেলেছে।

 

এইচআরডব্লিউ এই কর্মকাণ্ডকে ‘বেআইনি এবং বাছবিচারহীন’ হামলা হিসেবে চিহ্নিত করেছে, যা আন্তর্জাতিক যুদ্ধনীতির স্পষ্ট পরিপন্থী। এই অমানবিক যুদ্ধাপরাধের প্রেক্ষিতে হিউম্যান রাইটস ওয়াচ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং জার্মানির মতো দেশগুলোকে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি অবিলম্বে বন্ধ করার জোরালো আহ্বান জানিয়েছে।

 

একইসঙ্গে গুরুতর অপরাধে জড়িত ইসরায়েলি কর্মকর্তাদের ওপর লক্ষ্যভিত্তিক নিষেধাজ্ঞা আরোপের পরামর্শ দিয়েছে সংস্থাটি। এদিকে, লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে যে সোমবারও বৈরুতের দক্ষিণ শহরতলিতে ইসরায়েলি বিমান হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে; চলমান এই সংকটে লেবাননে এ পর্যন্ত অন্তত ৩৯৪ জন নিহত এবং এক হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন।


Editor & Publisher : Md. Motiur Rahman

Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81