32444

04/06/2026

উৎসবমুখর পরিবেশে মালয়েশিয়া যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

শাহীন আবদুল বারী | Published: 2026-04-05 19:58:03

প্রবাসে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার প্রত্যয়ে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক মালয়েশিয়া জাতীয়তাবাদী যুবদলের নতুন কমিটি গঠিত হতে যাচ্ছে। এই উপলক্ষে বিশেষ কর্মীসভা ৪ঠা এপ্রিল (শনিবার) দেশটির রাজধানী কুয়ালালামপুরের একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অত্যন্ত আন্তরিক ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই বিশেষ কর্মীসভায় মালয়েশিয়া যুবদলের অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজ উদ্বোধন করা হয়।

মালয়েশিয়া যুবদলের সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এই কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।

কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম নয়ন বলেন, বিগত স্বৈরাচার পতনের আন্দোলনে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। ফ্যাসিবাদী শক্তির পতনে তাদের রেমিট্যান্স ‘শাটডাউন’ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলো। 

নয়ন বলেন, বিদেশে রাজনীতি করা নেতাকর্মীদের কোনো ব্যক্তিগত চাওয়া-পাওয়া নেই; তাদের একমাত্র লক্ষ্য দেশকে ভালো রাখা। নিজেদের কষ্টার্জিত অর্থ ব্যয় করে রাজনীতি করার জন্য তিনি প্রবাসী নেতাকর্মীদের ধন্যবাদ জানান।

তিনি আরও বলেন, যুবদলে কাউকে ‘কর্মী’ বলা হয় না, সবাই ত্যাগী নেতা। বর্তমান সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে দেশের বিরুদ্ধে অপপ্রচার রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

কর্মীসভার শুরুতে কোরআন তেলাওয়াত এবং শুভেচ্ছা বক্তব্য দেন বি এম রাসেল রানা ও মাসুদুল আলম কাজল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মালয়েশিয়া যুবদলের সাধারণ সম্পাদক মো. রমজান আলী।

কর্মীসভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন মাহবুব আলম শাহ, দাতো আব্দুল জলিল, ড. অলিউল্লাহ জাহিদ, ড. এস এম রহমান তনু, নূরুয়ে সিদ্দিক সুমন, শেখ রহমান সেলিম, নাজমুল হাসান, খালিদ হাসান রিপন, সুলতান ইমতিয়াজ, আবুল কালাম আজাদ, হেলাল শিকদার, বাবু সরকার, আসাদুজ্জামান মাসুদসহ মালয়েশিয়া বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

কর্মীসভায় অন্যান্য বক্তারা বলেন, প্রবাসীরা এখন আর অবহেলিত নন। তারা পোস্টাল ভোটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করে প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাচ্ছেন এবং নিজেদের অধিকার নিয়ে কথা বলার সুযোগ তৈরি হয়েছে। তাদের দাবি, বিএনপি সরকারই প্রবাসীবান্ধব সরকার।

বক্তারা আরও উল্লেখ করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরেই বিদেশে জনশক্তি রপ্তানি কার্যক্রম শুরু হয় এবং এখন পর্যন্ত প্রবাসীদের কল্যাণে বিএনপি বিভিন্ন ইতিবাচক ভূমিকা রেখে আসছে। ভবিষ্যতে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নেবেন বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।

এসময় কয়েকজন বক্তা ক্ষোভ প্রকাশ করে বলেন, গণ-অভ্যুত্থানের পরও দীর্ঘদিন ত্যাগ স্বীকার করা যুবদলের নেতাকর্মীরা অবহেলিত রয়ে গেছেন। যারা ১৭ বছর ধরে নির্যাতন, মামলা-হামলা সহ্য করেছেন, এমনকি প্রবাসে পাসপোর্ট হারিয়েও গণতন্ত্রের জন্য লড়াই চালিয়ে গেছেন--তাদের যথাযথ মূল্যায়ন প্রয়োজন।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও পার্লামেন্ট মেম্বার নুরুল ইসলাম নয়ন। উক্ত সভায় মালয়েশিয়া যুবদলের সহ-সভাপতি বৃন্দ ও যুগ্মসাধারণ সম্পাদকসহ, সাংগঠনিক সম্পাদক সম্পাদক প্রচার সম্পাদক দপ্তর সম্পাদকসহ সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । উক্ত কর্মী সভাটি অন্তত প্রাণবন্ত হয়েছে বলে জানা গেছে।


Editor & Publisher : Md. Motiur Rahman

Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81