মৌলভীবাজারে সাবেক যুবলীগ নেতা জয়নাল আহমদ ও তাঁর বাবার বিরুদ্ধে মামলা
১৫ই ফেব্রয়ারী (রবিবার) মৌলভীবাজার সদর উপজেলা যুবদলের আহ্বায়ক হাফেজ আহমদ মাহফুজ বাদী হয়ে সদর থানায় তাদের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেন
সদ্যসমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে নিরঙ্কুশ জয়লাভ করার পরপরই মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের উত্তর মুলাইম গ্রামের বাসিন্দা ও যুক্তরাজ্যপ্রবাসী সাবেক যুবলীগ নেতা জয়নাল আহমদ এবং তাঁর বাবা মোঃ জালাল মিয়ার বিরুদ্ধে মামলা করেছে সদর উপজেলা যুবদল।
১৫ই ফেব্রয়ারী (রবিবার) মৌলভীবাজার সদর উপজেলা যুবদলের আহ্বায়ক হাফেজ আহমদ মাহফুজ বাদী হয়ে সদর থানায় তাদের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেন। মামলায় পিতা-পুত্রের পাশাপাশি আরও ৫/৬ জন অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করা হয়েছে।
মামলার অভিযোগে আসামিদের আওয়ামী লীগ সরকারের পৃষ্ঠপোষক হিসেবে উল্লেখ করে ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগের পক্ষে কর্মকাণ্ড, বর্তমান সরকার ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচার এবং নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।
এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, ৫ আগস্টের পর আসামিরা বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি ও ভূমি দখলসংক্রান্ত অপপ্রচারে জড়িত ছিলেন। এছাড়া যুক্তরাজ্যে অবস্থানরত জয়নাল আহমদ সামাজিক যোগাযোগমাধ্যমে সরকার ও গণতন্ত্রবিরোধী প্রচারণা চালাচ্ছেন বলেও অভিযোগ করা হয়েছে।
তবে আসামিপক্ষের দাবি, এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং হয়রানি করার উদ্দেশ্যে মামলা করা হয়েছে। তারা মামলার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।
Shamiur Rahman
