31558

02/07/2026

পরাজয়ের ভয়ে উগ্রবাদীরা বিএনপি নেতাকর্মীদের নামে অপপ্রচার চালাচ্ছে: টুকু

শাহীন আবদুল বারী | Published: 2026-02-06 22:16:28

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে উগ্রবাদী শক্তি পরাজয়ের ভয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করেছেন টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু।

শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) রাতে সাকরাইল বকুলতলা বেলতা বাঙ্গাবাড়ী বিন্যাফৈর মহা শ্মশানঘাট নাটমন্দির প্রাঙ্গণে আয়োজিত এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশের মানুষের নিরাপত্তা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এই মুহূর্তে বিএনপির কোনো বিকল্প নেই। একটি উগ্রবাদী শক্তি বিভিন্নভাবে নির্বাচন বানচালের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। এখন তারা নির্বাচনকে বিতর্কিত করতে এবং বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার চালাচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, দেশ গড়তে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এখানে সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলে কিছু নেই, সবাই বাংলাদেশি। এই দেশে অন্যায়ভাবে কেউ নির্যাতনের শিকার হবে না ইনশাআল্লাহ। আমরা সবাইকে নিয়ে পথ চলতে চাই।

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে টুকু বলেন, যোগ্য নেতৃত্বকে নির্বাচিত করতে হবে। তিনি সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংস্কৃতিক সম্পাদক সাইদুর রহমান সাঈদ সোহরাব, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বাবু শ্যামল হোড় এবং টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু।


Editor & Publisher : Md. Motiur Rahman

Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81