02/11/2026
নেহাল আহমেদ, রাজবাড়ী | Published: 2026-02-10 21:38:48
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এই মুহুর্তে রাজবাড়ীতে বইছে নির্বাচনী হাওয়া। প্রচারণা শেষ হওয়ার পর জেলা প্রশাসন নির্বাচন আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।
পদ্মার কোল ঘেঁষে গড়ে ওঠা রাজবাড়ী “পদ্মাকন্যা” নামেও পরিচিত। এই জেলায় মোট দুটি আসন। দুটি আসনেই মূল প্রতিদ্বন্দিতা হবে মূলত জামায়াত জোট ও বিএনপি’র মধ্যে।
একদিকে, বিএনপি দুটি আসনই ফিরে পেতে মরিয়া অন্যদিকে জামায়াত জোট চায় একটি আসন পুনরুদ্ধার এবং অন্যটিতে বিজয়। এর ফলে, নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।
এদিকে, জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ এবং সংবাদ সংগ্রহ করবেন রাজবাড়ী জেলার বিভিন্ন অঞ্চলের দুই শতাধিক সাংবাদিক। রাজবাড়ী জেলা প্রশাসন থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
জেলা রিটার্নিং কর্মকর্তার দেওয়া তথ্যানুযায়ী, রাজবাড়ীতে দুইটি আসনে মোট ১৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে, দুটি আসন মিলে ১১জন বৈধ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রাজবাড়ী সদর এবং গোয়ালন্দ উপজেলার ২টি পৌরসভা এবং ১৮ টি ইউনিয়ন নিয়ে গঠিত রাজবাড়ী -১ আসন। এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জাতীয় পার্টি, জাকের পার্টি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী দিয়েছে।
রাজবাড়ী-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম 'ধানের শীষ' মার্কা, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম 'দাঁড়িপাল্লা' মার্কা, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট হাবিবুর রহমান বাচ্চু 'লাঙ্গল' মার্কা এবং জাকের পার্টি মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী বিশ্বাস 'গোলাপ ফুল' মার্কায় নির্বাচনে অংশ নিচ্ছেন।
এই আসনে মোট ভোটার ৪ লক্ষ ৩০ হাজার ২১৫ জন তার মধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ১৬ হাজার ১৪৯ জন মহিলা ভোটার ২ লক্ষ ১৪ হাজার ৫৮ জন এবং তৃতীয় লিঙ্গ ৮ জন।
পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী এই তিনটি উপজেলার ১ টি পৌরসভা ও ২৪ টি ইউনিয়ন নিয়ে গঠিত রাজবাড়ী ২ আসন। এই আসনে মোট ভোটার ৫ লক্ষ ৫৯ হাজার ৬৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ৮৫ হাজার ৬০৯ জন, নারী ভোটার ২ লক্ষ ৭৪ হাজার ৭৯ জন এবং তৃতীয় লিঙ্গ ৫ জন।
এই আসনে বিএনপি, জামায়াতসহ মোট সাত দলের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া একজন প্রার্থী স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছেন। তবে এই আসনে বামপন্থি জোট ‘গণতান্ত্রিক যুক্তফণ্টের’ কোন প্রার্থী নেই।
রাজবাড়ী-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হারুন অর রশিদ হারুন 'ধানের শীষ' মার্কা, এনসিপির প্রার্থী জামিল হিযাজী 'শাপলা কলি' মার্কা, জাতীয় পার্টির প্রার্থী শফিউল আযম খান লাঙ্গল মার্কা, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ আব্দুল মালেক 'হাতপাখা' মার্কা, খেলাফত মজলিশের প্রার্থী কাজী মিনহাজুল আলম 'দেয়াল ঘড়ি' মার্কা, গণঅধিকার পরিষদের প্রার্থী জাহিদ শেখ ''ট্রাক মার্কা, সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী আব্দুল মালেক মণ্ডল 'ছড়ি' মার্কা এবং স্বতন্ত্র প্রার্থী নাসিরুল হক সাবু 'কলস' মার্কা নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81