02/18/2026
শাহীন আবদুল বারী | Published: 2026-02-18 00:50:32
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তারেক রহমানের নতুন মন্ত্রীসভায় বড় চমক হিসেবে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে একাই তিনটি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ গ্রহণের পর নবগঠিত মন্ত্রীসভার সদস্যদের মধ্যে দপ্তর বণ্টন করা হয়।
দলীয় নিষ্ঠা, সাংগঠনিক দক্ষতা ও দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার স্বীকৃতি হিসেবেই তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে বলে মনে করেন টাঙ্গাইল সদরবাসী।
তারা বলেন, সুলতান সালাউদ্দিন টুকু এমপি হলে মন্ত্রী হবেন; এটি আমরা জানতাম এবং বিশ্বাস করতাম। টুকুর রাজপথের সকল সংগ্রামের মূল্য বুঝিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবার টাঙ্গাইল সদরে উন্নয়নের পালা।
সুলতান সালাউদ্দিন টুকুকে কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে তার ওপর বিশেষ আস্থা রেখেছে নতুন সরকার।
শপথ গ্রহণের পর সুলতান সালাউদ্দিন টুকু বলেন, টাঙ্গাইলবাসী আমাকে মন্ত্রীসভায় দেখতে চেয়েছিল। তাদের সেই আশা পূরণ হয়েছে। এখন আমার ওপর যে গুরু দায়িত্ব অর্পণ করা হয়েছে, তা যথাযথভাবে পালনের মাধ্যমেই আমি জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে চাই। এজন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমার নেতা দেশনায়ক তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে সফলভাবে দায়িত্ব পালনের জন্য টাঙ্গাইল সদরবাসীসহ সমগ্র দেশবাসীর কাছে দোয়া কামনা করছি। সততা ও নিষ্ঠার সঙ্গে আমি দায়িত্ব পালন করব ইনশাল্লাহ।
সুলতান সালাউদ্দিন টুকু প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার খবর ছড়িয়ে পড়তেই মুহুর্তের মধ্যে টাঙ্গাইল শহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় আনন্দের জোয়ার দেখা যায়। বিএনপির নেতাকর্মীরা শহরের বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করেন। তারা আনন্দ মিছিল বের করেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও শুভেচ্ছা এবং অভিনন্দনের বন্যা বইছে।
টাঙ্গাইল সদরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলে মনে জানা যায়, দীর্ঘ ৩৬ বছর পর টাঙ্গাইল সদর থেকে নির্বাচিত কেউ মন্ত্রীসভায় স্থান পেলেন। এতে টাঙ্গাইল সদরের মানুষ গর্বিত ও আনন্দিত।
টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক বলেন, সুলতান সালাউদ্দিন টুকু মন্ত্রীসভায় স্থান পাওয়ায় শুধু দলের নয়, সদর উপজেলার প্রতিটি মানুষ আনন্দিত। দীর্ঘদিন পর সদর থেকে মন্ত্রী হওয়ায় তাঁরা সবাই অনেক খুশি হয়েছেন। তার নেতৃত্বে এলাকার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে বলে আশা করছেন সর্বস্তরের জনগণ।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে ধানের শীষ প্রতীকে ১ লাখ ৩১ হাজার ২৭৯ ভোট পেয়ে বিজয়ী হন সুলতান সালাউদ্দিন টুকু। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে তিনি প্রায় ৫১ হাজার ভোট বেশি পান।
এবারই প্রথম জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সুলতান সালাউদ্দিন টুকু। ছাত্রদল ও যুবদলের সভাপতি হিসেবে দীর্ঘদিন নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে জননন্দিত এই নেতার। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকার কারণে টুকুকে প্রায় ৩৫০টি মামলার মুখোমুখি হতে হয়। ১৫ বছরে ১২ দফা কারাভোগে পাঁচ বছর নির্যাতিত ছিলেন। টানা ৪৬ বার রিমান্ডে প্রায় ৬ মাস টুকুর উপর বর্বর নির্যাতন চালিয়েছে হাসিনার পুলিশ বাহিনী। টুকুর আত্মচিৎকারে আকাশ-বাতাস ভারি হয়ে উঠলেও পাষন্ডরা তাকে মেরে রক্তাক্ত করেছে। টুকুকে একাধিক বার মেরে ফেলার পরিকল্পনাও করা হয়েছে। মহান আল্লাহ সহায় হয়ে টুকুকে মানুষের খেদমত করার তৌফিক দিয়েছেন। তিনি টাঙ্গাইল-৫ আসন থেকে জনগণের ভোটে এমপি হয়ে প্রতিমন্ত্রী হয়েছেন।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81