31890

02/18/2026

স্বাস্থ্যখাতে কোনো সিন্ডিকেট-দুর্নীতি থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | Published: 2026-02-18 17:47:51

স্বাস্থ্যখাতে কোনো সিন্ডিকেট-দুর্নীতি থাকবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সরদার মো. সাখাওয়াত হোসেন।

বুধবার দুপুর ২টার দিকে সচিবালয়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি অবশ্যই স্বাস্থ্য খাতকে দুর্নীতিমুক্ত করবো, সেই কারণেই আমি এখানে। এই মন্ত্রণালয়ে কোনো সিন্ডিকেট থাকবে না। আমাদের কাজে সিন্ডিকেটের কোনো প্রভাব পড়বে না। আমরা কোনো সিন্ডিকেটের কবলে পড়বো না ইনশাআল্লাহ।

স্বাস্থ্য খাতের অগ্রাধিকার প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দুর্নীতির ব্যাপারে আপনাদের আশ্বস্ত করি, স্বাস্থ্য খাত দুর্নীতিমুক্ত হবে। এখানে কোনো দুর্নীতি এবং সিন্ডিকেট থাকবে না।

আগামীদিনের পরিকল্পনা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, দুর্নীতিমুক্ত করব, স্বাস্থ্য সেবা উন্নত করব, মানুষের কাছে কীভাবে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া যায় সেটা খুঁজে বের করবো। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমার কোনও লোভ ও পিছুটান নেই। স্বাস্থ্যখাতে জনবল সংকট আছে কিনা জানি না। থাকলে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। ডাক্তারদের ৯টার অফিস ১২টায় গেলে হবে না। সাতদিনের মধ্যে হাসপাতালগুলোতে ভিজিট শুরু করবো। এক মাসের মধ্যে ডাক্তারদের কর্মস্থলে সঠিক সময়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করবো।

তিনি আরও বলেন, স্বাস্থ্য খাতের আস্থাহীনতার কারণে যে (রোগীরা) বিদেশে যায়, তা না। এক্ষেত্রে মান বৃদ্ধি করতে হবে। সেটা করলে মন্ত্রী-এমপিরাসহ সাধারণ মানুষের বিদেশে চিকিৎসা নেওয়ার প্রবণতা কমবে।

তিনি বলেন, আমি মনে করি প্রধানমন্ত্রী আমাকে একটি গুরু দায়িত্ব দিয়েছেন। আমি যেদিন ওনার সন্তুষ্টি অর্জন করতে পারব, যখন দেশের মানুষের সন্তুষ্টি অর্জন করতে পারব, সেদিন আমি আমার তৃপ্তি বুঝতে পারবো।

নিজের চিকিৎসা দেশে করাবেন কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, কিছু হলেই বিদেশে যেতে হবে সেটা আমি বিশ্বাস করি না। আমার কিছু হলেই যেন বিদেশ যেতে না হয়, সেই চেষ্টা করবো। একবারে জটিল কিছু, যার চিকিৎসা দেশে নেই, সেক্ষেত্রে গেলেও দেশেই সর্বোচ্চ চেষ্টা করবো।


Editor & Publisher : Md. Motiur Rahman

Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81