31905

02/19/2026

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হলেন আব্দুর রহমান সানি

সামিউর রহমান লিপু | Published: 2026-02-19 02:44:53

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ (এপিএস-২) পদে আব্দুর রহমান সানিকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম সাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, আব্দুর রহমান সানিকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, আব্দুর রহমান সানি জাতীয় বেতন স্কেল ২০১৫-এর গ্রেড-৬ বেতন স্কেলের সর্বশেষ ধাপে বেতন-ভাতা প্রাপ্য হবেন। নিয়োগের এই আদেশ তার যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, মাননীয় প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তিনি যত দিন সন্তুষ্ট থাকবেন (যেটি আগে ঘটে), তত দিন পর্যন্ত আব্দুর রহমান সানি এই পদে বহাল থাকবেন।

জনস্বার্থে জারি করা এই নিয়োগের অন্য শর্তাবলি পরবর্তী সময়ে একটি আনুষ্ঠানিক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

উল্লেখ্য, ইঞ্জিনিয়ার আব্দুর রহমান সানি দীর্ঘ সময় লন্ডনে নির্বাসিত জীবন পার করে তারেক রহমানের সাথে একই ফ্লাইটে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন।

তিনি তারেক রহমানের পাশে থেকে দীর্ঘদিন ধরে তার সততা, নিষ্ঠা ও দক্ষতার মাধ্যমে রাজনৈতিক মহলে নিজের সুনাম অক্ষুণ্ণ রেখেছিলেন। এই কারনেই প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব পদে সানির উপরই আস্থা রাখলেন তারেক রহমান।


Editor & Publisher : Md. Motiur Rahman

Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81