32056

03/01/2026

খামেনির মৃত্যুর পর ইরানে নেতৃত্বে আসছেন কে?

নিজস্ব প্রতিবেদক | Published: 2026-03-01 13:28:17

 

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাত বরণের খবর দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমসমূহ নিশ্চিত করার পর তেহরানের ক্ষমতার মসনদে কে বসছেন, তা নিয়ে বিশ্বজুড়ে এক নজিরবিহীন জল্পনা ও ভূ-রাজনৈতিক বিশ্লেষণের ঝড় উঠেছে।

 

যেহেতু খামেনি তাঁর জীবদ্দশায় আনুষ্ঠানিকভাবে কোনো উত্তরাধিকারীর নাম ঘোষণা করে যাননি, তাই ইরানের সংবিধান অনুযায়ী এখন ৮৮ সদস্যের বিশেষজ্ঞ আলেমদের নিয়ে গঠিত ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’-এর ওপর পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের গুরুদায়িত্ব অর্পিত হয়েছে।

এই মুহূর্তে উত্তরসূরি হিসেবে বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তিত্বের নাম নিয়ে আলোচনা চলছে, যাদের মধ্যে খামেনির দ্বিতীয় পুত্র ৫৬ বছর বয়সী মুজতবা খামেনি অন্যতম; যার সাথে শক্তিশালী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ও বাসিজ মিলিশিয়ার গভীর সখ্যতা থাকলেও শিয়া ধর্মীয় ঐতিহ্যে বংশানুক্রমিক ক্ষমতা হস্তান্তর এবং তাঁর পর্যাপ্ত ধর্মীয় পদমর্যাদা না থাকা এক বড় অন্তরায় হিসেবে দেখা দিচ্ছে।

 

অন্যদিকে, খামেনির অত্যন্ত বিশ্বস্ত ও অ্যাসেম্বলি অব এক্সপার্টসের উপ-চেয়ারম্যান ৬৭ বছর বয়সী আলিরেজা আরাফি একজন ঝানু আলেম ও সেমিনারি ব্যবস্থার প্রধান হিসেবে শক্তিশালী প্রার্থী হলেও নিরাপত্তা বাহিনীর সাথে তাঁর ঘনিষ্ঠতার অভাব রয়েছে। কট্টরপন্থি শিবিরের প্রতিনিধি হিসেবে ৬০ বছর বয়সী আলেম মোহাম্মদ মেহদি মিরবাগেরিও আলোচনায় আছেন, যিনি তাঁর কট্টর পশ্চিমা-বিরোধী অবস্থানের জন্য পরিচিত।

 

আবার, ইসলামি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনির নাতি ৫০ বছর বয়সী হাসান খোমেনির পারিবারিক ঐতিহ্য ও জনপ্রিয়তা থাকলেও ক্ষমতার মূল কাঠামোতে তাঁর প্রভাব সীমিত বলে মনে করা হয়। পাশাপাশি অ্যাসেম্বলি অব এক্সপার্টসের প্রথম উপ-চেয়ারম্যান ৬০ বছর বয়সী হাসেম হোসেইনি বুশেহরিও একজন ভারসাম্যপূর্ণ প্রার্থী হিসেবে বিবেচনায় আসতে পারেন।

 

ইরানের রাজনৈতিক কাঠামোতে সর্বোচ্চ নেতার পদটি সামরিক বাহিনী, বিচার বিভাগ ও গণমাধ্যমের ওপর একচ্ছত্র নিয়ন্ত্রণের প্রতীক হওয়ায় এই নির্বাচন কেবল ইরানের অভ্যন্তরীণ স্থিতিশলতাই নয়, বরং যুদ্ধবিক্ষুব্ধ মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ মানচিত্র নির্ধারণেও এক নির্ধারক ভূমিকা পালন করবে; ফলে এখন সবার দৃষ্টি নিবদ্ধ রয়েছে অ্যাসেম্বলি অব এক্সপার্টসের সেই জরুরি বৈঠকের দিকে যেখানে নির্ধারিত হবে পারস্যের এই ক্রান্তিকালের নতুন কাণ্ডারি।


Editor & Publisher : Md. Motiur Rahman

Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81