03/17/2026
শাহীন আবদুল বারী | Published: 2026-03-17 17:17:34
কৃষকদের জন্য আধুনিক ও সমন্বিত সেবা নিশ্চিত করতে ‘কৃষক কার্ড’ প্রণয়ন কার্যক্রম এগিয়ে নিতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ মঙ্গলবার দুপুরে (১৭ মার্চ ২০২৬) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে কৃষক কার্ড প্রণয়ন সংক্রান্ত সেলের সঙ্গে এক বৈঠকে তিনি এসব নির্দেশনা দেন।
বৈঠকে কৃষকদের একটি সমন্বিত ডাটাবেজ তৈরি, ভর্তুকি ও প্রণোদনা সরাসরি পৌঁছে দেওয়া এবং ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে কৃষি সেবা সহজীকরণের ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন– কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী আমিন-উর-রশীদ ইয়াসিন; প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু; অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রস্তাবিত কৃষক কার্ডের মাধ্যমে দেশের কৃষকদের পরিচিতি নিশ্চিত করার পাশাপাশি কৃষি ভর্তুকি, ঋণ সুবিধা, বীজ ও সার বিতরণসহ বিভিন্ন সরকারি সহায়তা আরও স্বচ্ছ ও কার্যকরভাবে প্রদান করা সম্ভব হবে। এছাড়া ডিজিটাল মাধ্যমে কৃষকদের তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের বিষয়েও আলোচনা হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান এবং ১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণের সামগ্রিক বাস্তবায়ন ও অগ্রগতি দৃশ্যমান করার নির্দেশ দেন।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81