04/26/2026
নিজস্ব প্রতিবেদক | Published: 2026-04-26 16:30:40
খাদ্য অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তরসহ একসঙ্গে ১৫ অধিদপ্তর ও সংস্থায় নতুন প্রধান দিয়েছে সরকার। রোববার (২৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত ১৫টি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
অতিরিক্ত সচিব পদমর্যাদার ১৫ জন কর্মকর্তাকে প্রেষণে এসব দপ্তর-সংস্থার শীর্ষ পদগুলোতে নিয়োগ দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. জসীম উদ্দিন খানকে খাদ্য মন্ত্রণালয়ে বদলী করে খাদ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।
কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. লুৎফর রহমানকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে বদলী করে পরিবেশ অধিদপ্তরের নতুন মহাপরিচালক পদে নিয়োগ দেয়া হয়েছে।
ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম এম আরিফ পাশাকে কৃষি মন্ত্রণালয়ে বদলী করে কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক পদে নিয়োগ দিয়েছে সরকার।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (অতিরিক্ত সচিব) মো. আব্দুল্লাহ আল-মামুনকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে বদলী করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) মহাপরিচালক পদে নিয়োগ দেয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলামকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে বদলী করে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ের পরিচালক খোন্দকার আনোয়ার হোসেনকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বদলী করে জাতীয় যুব উন্নয়ন অধিদপ্তরের নতুন মহাপরিচালক পদে নিয়োগ দেয়া হয়েছে।
সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক মো. আসাদুজ্জামানকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে বদলী করে ওয়েজ আর্নার কল্যাণ বোর্ডের মহাপরিচালক পদে নিয়োগ দেয়া হয়েছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দিল আফরোজকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগে বদলী করে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক করা হয়েছে।
বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক এ এস এম মুস্তাফিজুর রহমানকে শিল্প মন্ত্রণালয়ে বদলী করে পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের মহাপরিচালক করা হয়েছে।
নির্বাচন কমিশন সচিবালয়ের অধীনস্থ জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের নতুন মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছেন পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব আবুল হাসনাত মুহম্মদ আনোয়ার পাশা।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব দেলোয়ার হোসেনকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বদলী করে গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটের (জিআইইউ) মহাপরিচালক পদে নিয়োগ দেয়া হয়েছে।
এছাড়া, রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাসান মাহমুদকে স্থানীয় সরকার বিভাগে বদলী করে জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্টার জেনারেলের কার্যালয়ের রেজিস্টার জেনারেল পদে নিয়োগ দেয়া হয়েছে।
শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. আব্দুল হাইকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে বদলী করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হয়েছে।
গ্রামীণ রাস্তায় ১৫ মিটার দৈর্ঘ্য পর্যন্ত সেতু/কালভার্ট নির্মাণ শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক অতিরিক্ত সচিব মো. শফিকুল ইসলামকে খাদ্য মন্ত্রণালয়ে বদলী করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয়েছে।
পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ হাবীবুর রহমানকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয়েছে।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81