02/01/2026
শাহীন আবদুল বারী | Published: 2026-02-01 20:25:03
টাঙ্গাইলের রাজনীতিতে উন্নয়নের নতুন ইস্যু হিসেবে উঠে এসেছে বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর সাত দফা দাবি।
শনিবার (৩১ জানুয়ারি) রাতে টাঙ্গাইল সদরের দরুন চরজানা বাইপাস এলাকায় আয়োজিত নির্বাচনী জনসভায় এসব দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন দলীয় চেয়ারম্যান তারেক রহমান।
টাঙ্গাইল পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার দাবিসহ সকল দাবি তারেক রহমান একবাক্যে ঘোষণা দিয়েছেন। তাঁর বক্তব্যে উপস্থিত জনতা সন্তোষ প্রকাশ করেছেন।
উক্ত জনসভায় তারেক রহমান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করলে এবং পরদিন সরকার গঠিত হলে টুকুর সাত দফা দাবি পর্যায়ক্রমে বাস্তবায়ন শুরু হবে।
তারেক রহমানের এই ঘোষণায় টাঙ্গাইলবাসী উচ্ছ্বসিত। চা স্টল থেকে শুরু করে অফিস-আদালতের আড্ডায় দিনভর এই দাবিগুলো নিয়ে মানুষের মধ্যে আলোচনা চলছে।
স্থানীয়রা বলছেন, দীর্ঘদিনের অবহেলা আর উন্নয়নের অভাবে যে হতাশা ছিল, তার অবসান ঘটতে যাচ্ছে। সুলতান সালাউদ্দিন টুকুর যোগ্য নেতৃত্বে টাঙ্গাইল শুধু স্বপ্নের মধ্যে আটকে থাকবে না; পরিকল্পনা ও আন্তরিকতার মাধ্যমে প্রকৃত উন্নয়নের পথে এগিয়ে যাবে।
টুকু সাত দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যমুনা নদীর তীরবর্তী চরাঞ্চলের জন্য স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের প্রয়োজনীয়তা এবং মাহমুদনগর ও কাশিনগর এলাকায় দুটি সেতুর নির্মাণ। করটিয়া সাদত বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, শক্তিশালী ইকোনমিক জোন গঠন এবং পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবি তোলে তিনি। এছাড়া টাঙ্গাইলবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আধুনিক হাসপাতাল স্থাপনের কথাও উল্লেখ করেন।
তাঁর অন্যতম দাবি ছিল, জনসংখ্যা, আয়তন ও প্রশাসনিক গুরুত্ব বিবেচনায় টাঙ্গাইল পৌরসভাকে সিটি করপোরেশনে রূপান্তর করা। দীর্ঘদিন ধরে দাবি হলেও অবহেলিত এই দাবিকে নগর উন্নয়নের প্রথম ধাপ হিসেবে দেখছেন স্থানীয়রা। তারেক রহমান এর এক বাক্যে ঘোষণার মধ্য দিয়ে ফুটে উঠেছে টুকু এমপি হলে টাংগাইল বাস্যার ভাগ্য পরিবর্তন হবে।
তারেক রহমান তাঁর বক্তব্যে টাঙ্গাইলের উন্নয়নকে কেবল প্রশাসনিক কাঠামোর মধ্যে সীমাবদ্ধ না রেখে অর্থনীতি, শিল্প ও কর্মসংস্থানের সঙ্গে যুক্ত করেন। তিনি বলেন, টাঙ্গাইল একটি ঐতিহ্যবাহী অঞ্চল। এখানকার শাড়ি ও টুপি দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিত। পরিকল্পিত উদ্যোগ নিলে এসব শিল্পকে রপ্তানিমুখী করে তোলা সম্ভব, যা স্থানীয় মানুষের জীবনে সরাসরি ইতিবাচক পরিবর্তন আনবে।
টাঙ্গাইলকে শিল্পের শহরে পরিণত করার ঘোষণা দিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, যমুনা নদীকে কেন্দ্র করে পরিকল্পিত অবকাঠামো উন্নয়ন টাঙ্গাইলের জন্য বড় সম্ভাবনা। স্থায়ী বাঁধ নির্মাণ ও নদীপথে পণ্য পরিবহনের সুযোগ তৈরি হলে কম খরচে শিল্পকারখানা পরিচালনা সম্ভব হবে। এতে নতুন বিনিয়োগ আসবে এবং টাঙ্গাইল ধীরে ধীরে একটি শিল্পসমৃদ্ধ অঞ্চলে রূপ নেবে।
তারেক রহমানের বক্তব্যে বারবার উঠে আসে পরিকল্পনা ও নেতৃত্বের প্রসঙ্গ। তাঁর মতে, উন্নয়নের জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা এবং যোগ্য মানুষের হাতে দায়িত্ব অর্পণ। তবে এসব পরিকল্পনা বাস্তবায়নের জন্য জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সমর্থন অপরিহার্য।
জনসভায় জেলার অন্য সাতটি সংসদীয় আসনের বিএনপি প্রার্থীরা আলাদা কোনো দাবি না জানালেও, সুলতান সালাউদ্দিন টুকু সদরের জনগণের পক্ষ থেকে সাত দফা দাবি দলীয় শীর্ষ নেতার কাছে তুলে ধরায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।
স্থানীয়রা বলছেন, টুকু সবসময় বলছেন টাঙ্গাইলের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করব যেন সারাদেশে টাঙ্গাইলের অবস্থান শীর্ষে থাকে। এই দাবিগুলো সেই প্রচেষ্টার অংশ, যা বাস্তবায়নের আশ্বাসও পেয়েছেন।
স্থানীয়দের বিশ্বাস, ‘টুকু একজন জাতীয় নেতা এবং জিয়া পরিবারের বিশ্বস্ত সৈনিক, যিনি সদর ও চরবাসীর উন্নয়নে এমন নেতৃত্ব দিতে সক্ষম যা অন্য কেউ দিতে পারবে না।’
নির্বাচনী জনসভায় টুকুর সাত দফা দাবির বাস্তবায়নের প্রতিশ্রুতি টাঙ্গাইল সিটি করপোরেশনের পথে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। বিএনপি তথা সুলতান সালাউদ্দিন টুকু নির্বাচিত হলে টাঙ্গাইল আধুনিক ও সমৃদ্ধশালী নগরে পরিণত হবে, নির্বাচনের ফলাফলই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে। টুকুর দাবির প্রেক্ষিতে টাঙ্গাইলের অবহেলিত মানুষ ধানের শীষের পক্ষে জোয়ার তুলেছেন। তারা আগামী ১২ ফেব্রুয়ারী টুকুকে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমান এর হাত শক্তিশালী করার অঙ্গীকারবদ্ধ হয়েছেন।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81