31730

02/11/2026

নিয়ন্ত্রণহীন মানবপাচার: প্রবাসী তরুণীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা 

বিশেষ প্রতিবেদক | Published: 2026-02-11 01:15:52

স্বপ্নের দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে উচ্চ বেতনে কাজে নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা ও বিপুল পরিমান অর্থ আত্মসাতের অভিযোগে জিনিয়া তাসনিম টুম্পা নামে এক প্রবাসী তরুণীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, মাকসুদুল আলম মাইনুদ্দিন নামের এক ব্যক্তি বাদী হয়ে টুম্পার বিরুদ্ধে আদালতে মামলাটি দায়ের করেন। অভিযুক্ত টুম্পা বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন বলে জানা গেছে।

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, অভিযুক্ত তরুণী ও তার সহযোগীরা মাকসুদসহ দুইজনকে আমেরিকা পাঠানোর কথা বলে ৫০ লাখ টাকা হাতিয়ে নেন। কিন্তু দীর্ঘ সময় পার হলেও তাদের বিদেশে পাঠাতে ব্যর্থ হন টুম্পা।

পরবর্তীতে, ভুক্তভোগীরা টুম্পার কাছে টাকা ফেরত চাইলে নানা টালবাহানা করে সময়ক্ষেপন করতে শুরু করে। একপর্যায়ে, অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার কথা বললে চাপের মুখে টুম্পা তাদের ২৫ লাখ টাকা পরিশোধ করে।

বাকি ২৫ লাখ টাকা ফেরত চাইলে টুম্পা আবারও সময়ক্ষেপণ করতে থাকেন। একপর্যায়ে তিনি টাকা দিতে সম্পূর্ণ অস্বীকার করলে ভুক্তভোগীরা আদালতের শরণাপন্ন হতে বাধ্য হন।

এই বিষয়ে জানতে চাইলে ডিএমপির নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আইয়ুব জানান, টুম্পার বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের বিষয়টি বর্তমানে তদন্তাধীন।

তিনি আরও বলেন, অভিযুক্তের বিরুদ্ধে আদালতের জারিকৃত গ্রেফতারি পরোয়ানা থানায় পৌঁছেছে। তবে আসামি বিদেশে অবস্থান করায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তাকে খুঁজে পেতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান আছে।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, জিনিয়া তাসনিম টুম্পা যশোর নার্সিং কলেজ থেকে ডিপ্লোমা সম্পন্ন করে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নার্স হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তীতে তিনি উচ্চশিক্ষার উদ্দেশ্যে নিউ ইয়র্কে পাড়ি জমান।

একাধিক সূত্র থেকে পাওয়া তথ্যমতে, টুম্পা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথমে সুসম্পর্ক গড়ে তুলে বিদেশে নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছেন। অনেকেই তার ফাঁদে পড়ে সর্বস্ব খুইয়েছেন।

এদিকে, দ্যা ফিন্যান্স টুডের একটি চৌকস টীম অভিযুক্ত জিনিয়া তাসনিম টুম্পা ও তার সহযোগীদের বিরুদ্ধে নিবিড় অনুসন্ধান শুরু করেছে। আগামী প্রতিবেদনে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে।


Editor & Publisher : Md. Motiur Rahman

Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81