31891

02/18/2026

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | Published: 2026-02-18 18:42:42

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৩টার দিকে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মন্ত্রিসভার বৈঠকের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান প্রথমবারের মতো সচিবালয়ে তার নির্ধারিত দপ্তরে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছেন।

সদ্য শপথ নেয়া মন্ত্রীরা এতে অংশ নেন এবং সরকারের নীতি-অগ্রাধিকার ও কর্মপরিকল্পনা নিয়ে প্রাথমিক দিকনির্দেশনা প্রদান করা হয়।

বৈঠকে সরকারের প্রথম ১০০ দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। অর্থনীতি পুনরুদ্ধার, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি এবং প্রশাসনিক সংস্কারকে অগ্রাধিকার দেয়া হয়েছে।

বিশেষ করে রাজস্ব আদায় বৃদ্ধি, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ এবং রপ্তানি খাত সম্প্রসারণে কার্যকর পদক্ষেপ নেয়ার বিষয়ে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি প্রাথমিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। এতে সাম্প্রতিক সময়ের রাজনৈতিক সহিংসতা, সীমান্ত পরিস্থিতি এবং সাইবার অপরাধ দমনে বিশেষ উদ্যোগ গ্রহণের সুপারিশ করা হয়। প্রধানমন্ত্রী এই বিষয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন।

গত এক দশকেরও বেশি সময় ধরে মন্ত্রিসভা ও সচিবদের প্রায় সব বৈঠকই প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়ে আসছিল।

এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে নতুন সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন। রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নির্বাচনের ফলাফল ঘোষণার পর রাষ্ট্রপতির আমন্ত্রণে দলটির মহাসচিব ও সংসদীয় দলের নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।

তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিসভায় রয়েছেন মোট ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী। এছাড়া প্রশাসন ও বিশেষজ্ঞ মহল থেকে তিনজন টেকনোক্র্যাটকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা নীতি নির্ধারণে পেশাদারিত্ব ও দক্ষতা বৃদ্ধির ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।


Editor & Publisher : Md. Motiur Rahman

Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81