32377

03/31/2026

নৌপরিবহন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিআইডব্লিউটিসি প্রধান কার্যালয় পরিদর্শন ও মতবিনিময়

শাহীন আবদুল বারী | Published: 2026-03-31 15:17:52

নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি এবং নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মোঃ রাজিব আহসান, এমপি আজ রাজধানীর বাংলা মোটরে অবস্থিত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)-এর প্রধান কার্যালয় পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

মতবিনিময় সভায় নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি বলেন, বিআইডব্লিউটিসি একটি সেবাধর্মী প্রতিষ্ঠান। তাই সেবার মান উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। তিনি প্রতিষ্ঠানটিকে লাভজনক প্রতিষ্ঠানে উন্নীত করার ওপর গুরুত্বারোপ করেন। এ লক্ষ্যে সকল কর্মকর্তা-কর্মচারীকে শৃঙ্খলা ও সময়ানুবর্তিতা মেনে চলার পাশাপাশি দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশনা প্রদান করেন। কোনো রকম অনিয়ম ও দুর্নীতি সহ্য করা হবে না মর্মে মন্ত্রী কঠোর হুশিয়ারি প্রদান করেন।

নৌপরিবহন প্রতিমন্ত্রী মোঃ রাজিব আহসান এমপি বলেন, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বিআইডব্লিউটিসিকে আরও কার্যকর ও গতিশীল হতে হবে। তিনি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনায় বিদ্যমান অসংগতি দূর করার ওপর জোর দেন এবং ফেরি ব্যবস্থাপনাকে আধুনিক ও উন্নত করার নির্দেশনা দেন। উন্নয়ন কার্যক্রম দৃশ্যমান করার পাশাপাশি উপকূলীয় ও প্রান্তিক অঞ্চলে সেবা সম্প্রসারণের কথাও উল্লেখ করেন তিনি। ফেরীতে যাত্রী পারাপারের সময় যাত্রী সেবার মান উন্নয়নের উপর গুরুত্বারোপ করেন তিনি।

মন্ত্রী ও প্রতিমন্ত্রী উভয়েই বিআইডব্লিউটিসিসহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে লাভজনক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রতিষ্ঠানের আয় বৃদ্ধি করে একে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে এখন থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন তিনি। একইসঙ্গে ফেরিঘাটের সংযোগ সড়কের সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসি এবং বিআইডব্লিউটিসির চেয়ারম্যান
মোঃ সলিম উল্লাহসহ মন্ত্রণালয় ও বিআইডব্লিউটিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Editor & Publisher : Md. Motiur Rahman

Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81