05/08/2026
শাহীন আবদুল বারী | Published: 2026-05-07 20:20:29
রাজধানীর উত্তরা পশ্চিম থানা যুবদলের কর্মী তানভীর রহমান নির্ঝরকে আওয়ামী লীগের অন্যতম অঙ্গ সংগঠন ছাত্রলীগের কর্মী বানিয়ে কারাগারে পাঠানোয় খোদ জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
তানর্ভীরকে গ্রেপ্তার করে হয়রানি করার বিষয়টি দলের নীতিনির্ধারকদের অবহিত করে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী তানভীর রহমান নির্ঝর।
বৃহস্পতিবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেরনে তিনি এই দাবি জানান। এসময় তার সাথে আইনজীবী জামাল পারভেজ ও যুবদলকর্মী জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, চাঁদাবাজবিরোধী অভিযানের আড়ালে একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে রাজনৈতিকভাবে হয়রানি, সামাজিকভাবে হেয়প্রতিপন্ন এবং দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। এজন্য আমার ছবি এডিট করে সামাজিক যোগাযোগমাধ্যমে আমাকে ছাত্রলীগের কর্মী বানানোর ঘৃন্য অপচেষ্টায় লিপ্ত। আমার বিরুদ্ধে অপপ্রচার করছে একদল দুষ্কৃতিকারী।
তিনি আরও বলেন, এমন অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয় উল্লেখ করে আমি গত ২৩ এপ্রিল উত্তরা পশ্চিম থানায় একটি জিডি করি। কিন্তু গত ২রা মে (শনিবার) পুলিশ আমাকে থানায় ডেকে নিয়ে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তিনদিনের সাজা দেয়।
তিনি বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং ষড়যন্ত্রমূলক। সুষ্ঠু তদন্ত ব্যতিরেকে বিনা অপরাধে আমাকে সাজা প্রদান করা শুধু অন্যায়ই নয়, এটি রাজনৈতিক প্রতিহিংসা ও মানবাধিকার লঙ্ঘনের শামিল এবং অত্যন্ত গর্হিত একটি কাজ।
তিনি প্রশাসনের উচ্চপর্যায়, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছেন।
উল্লেখ্য, তানভীর আহমেদ নির্ঝর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অধীনস্থ উত্তরা পশ্চিম থানার সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক। বর্তমানে তিনি উত্তরা পশ্চিম থানা যুবদলের একজন সক্রিয় কর্মী।
তানভীর আহমেদ নির্ঝর দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট হাসিনা সরকারের দমন-পীড়ন, হামলা-মামলা ও নির্যাতনের বিরুদ্ধে রাজপথে থেকে বিএনপির প্রতিটি আন্দোলন-সংগ্রামে অংশ নিয়ে জোরালো ভূমিকা রেখেছিলেন। তার মতো একজন ত্যাগী ও দলের প্রতি নিবেদিতপ্রাণ কর্মীকে এভাবে হয়রানি করা এবং বিনা দোষে সাজা দেওয়ার তীব্র নিন্দা জানিয়েছেন যুবদলের নেতৃবৃন্দ।
এই বিষয়ে যুবদলের শীর্ষ নেতারা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রীর শরণাপন্ন হওয়ার কথা জানিয়েছেন একাধিক গণমাধ্যমকর্মীদের।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81