32991

06/03/2026

'আমার জীবন টাঙ্গাইল সদরের মানুষের জন্য উৎসর্গ করেছি'

শাহীন আবদুল বারী | Published: 2026-06-02 10:11:35

নির্বাচনের আগে শেষ সমাবেশে আমি বলেছিলাম, "আমার এই জীবন টাঙ্গাইল সদরবাসীর জন্য উৎসর্গ করে দিলাম।” এটা ছিল আমার অন্তরের অঙ্গীকার, এটা কোনো রাজনৈতিক স্লোগান ছিল না, কোনো আবেগঘন মুহূর্তের বক্তব্যও ছিল না।

পবিত্র ঈদুল আজহা'র আনন্দ ও শুভেচ্ছা ভাগাভাগি করতে টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু স্থানীয় জনগন এবং প্রশাসনের কর্মকর্তাদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎকারে এই কথা বলেন।

টাঙ্গাইল সদরবাসীর উদ্দেশ্যে টুকু বলেন, আপনাদের ভালোবাসায় গত ১২ ফেব্রুয়ারি বিপুল ভোটে আমি জাতীয় সংসদের সদস্য হয়েছি। প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন।সরকারের একজন প্রতিমন্ত্রী হিসেবে যথাযথ ভাবে দায়িত্ব পালন করছি। কিন্তু আমার পরিচয়ের সবচেয়ে বড় অংশ এখনো একটাই, সেটা হলো আমি টাঙ্গাইল সদরের একজন সেবক।

প্রতিমন্ত্রী আরও বলেন, আমরা উন্নয়নের যে পথচলা শুরু করেছি, তা কেবল শুরু মাত্র। বেড়িবাঁধ, রাস্তা-ঘাট, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান, যুবসমাজের সম্ভাবনা এবং আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করতে আমি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। প্রতিটি অর্জনের পেছনে রয়েছে আপনাদের আস্থা, ভালোবাসা, সহযোগিতা ও স্নেহমায়া।

আমি বিশ্বাস করি, জনপ্রতিনিধিত্ব কোনো ক্ষমতার নাম না, এটা মানুষের প্রতি দায়বদ্ধতার নাম। মানুষের সুখ-দুঃখের পাশে থাকা, তাদের আশা-আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেওয়া। আপনারা পাশে থাকলে আগামী প্রজন্মের জন্য একটি উন্নত টাঙ্গাইল গড়ে তোলাই আমার রাজনীতির মূল লক্ষ্য।

প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আজ আবারও সেই প্রতিশ্রুতির কথা স্মরণ করছি। আমার সময়, শ্রম, মেধা এবং সামর্থ্যের সর্বোচ্চটুকু আমি টাঙ্গাইল সদরবাসীর কল্যাণে ব্যয় করতে চাই। যতদিন দায়িত্বে আছি, ততদিন মানুষের জন্য কাজ করাই হবে আমার সবচেয়ে বড় পরিচয়।

পদ-পদবি ক্ষণস্থায়ী, কিন্তু মানুষের ভালোবাসা চিরস্থায়ী। আমি আপনাদেরই মানুষ, আপনাদের মাঝেই থাকতে চাই, আপনাদের জন্যই কাজ করে যেতে চাই।

উল্লেখ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি গত ২৮ মে ভোরে তিনদিনের সরকারি সফরে তার নিজ নির্বাচনী এলাকা টাঙ্গাইল সদরে যান। সেখানে ঈদের নামাজ আদায়সহ বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন তিনি।

মাদক নিয়ে যা বললেন সুলতান সালাউদ্দিন টুকুঃ টাঙ্গাইল সদরে মাদকের বিরুদ্ধে চলমান অভিযান কোনো ব্যক্তি, গোষ্ঠী বা বিশেষ শ্রেণির বিরুদ্ধে না বরং এটা আমাদের সন্তানদের ভবিষ্যৎ রক্ষার লড়াই।

অনেকেই ইতোমধ্যে আইনের আওতায় এসেছে। আরও আসবে। কারণ মাদকের সঙ্গে জড়িত কেউ আইনের ঊর্ধ্বে নয়। সে যত প্রভাবশালীই হোক, যত শক্তিশালী পরিচয়ের আড়ালেই থাকুক না কেন, টাঙ্গাইল সদরের মাটি তাকে রক্ষা করতে পারবে না।

আমি আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানাই তাদের নিরলস প্রচেষ্টার জন্য এবং আরো কঠোর হাতে মাদক কারবারি ও মাদক সেবনকারীদের আইনের আওতায় আনার জন্য নির্দেশ করছি। একই সঙ্গে টাঙ্গাইল সদরবাসীর প্রতি আহ্বান জানাই, মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন। তথ্য দিন, সহযোগিতা করুন, প্রতিবাদ করুন। নীরবতা কখনো সমাধান নয়।

আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি মাদকের কাছে একটি প্রজন্মকে হারিয়ে যেতে দেব? নাকি ঐক্যবদ্ধভাবে একটি সুস্থ, নিরাপদ ও সম্ভাবনাময় টাঙ্গাইল সদর গড়ে তুলব? আমি দ্বিতীয় পথটি বেছে নিয়েছি।

মাদক ব্যবসায়ীদের উদ্দেশে বলতে চাই, টাঙ্গাইল সদরকে আপনাদের ব্যবসার ক্ষেত্র বানানোর আর চেষ্টা করবেন না। এই এলাকার প্রত্যেক মা-বাবার চোখের পানি, প্রত্যেক তরুণের স্বপ্ন এবং প্রত্যেক পরিবারের নিরাপত্তার প্রশ্নে কোনো আপস হবে না।

আমার রাজনীতির মূল লক্ষ্য মানুষের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা। আর সেই ভবিষ্যতের সবচেয়ে বড় শত্রু যদি মাদক হয়, তাহলে মাদকের বিরুদ্ধে অবস্থানও হবে সবচেয়ে কঠোর।

আসুন, দল-মত-ধর্ম নির্বিশেষে আমরা সবাই মাদক কারবারিদের বিরুদ্ধে এক হই। মাদকসেবন নিরুৎসাহিত করতে এক হই। আমাদের সন্তানদের ভবিষ্যৎ রক্ষায় এক হই।

সুলতান সালাউদ্দিন টুকু আসলেই জনপ্রিয় একজন নেতা।তিনি মানুষের কল্যাণে নিরবে কাজ করে যাচ্ছেন। এটাই হলো তার পারিবারিক শিক্ষা। টুকু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত একজন সৈনিক। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরীক্ষীত রাজপথের লড়াকু যোদ্ধা।


Editor & Publisher : Md. Motiur Rahman

Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81