33002

06/05/2026

রাজবাড়ীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নেহাল আহমেদ, রাজবাড়ী | Published: 2026-06-04 18:19:53

রাজবাড়ীতে ভোক্তা স্বার্থ সংশ্লিষ্ট আলোচনা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১০টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ফারুক আহম্মেদ।

মতবিনিময় সভায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ে মূল আলোচনা উপস্থাপন করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান।

বক্তারা বলেন, বাংলাদেশে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন প্রণীত হয়েছে ২০০৯ সালে। কিন্তু দেশের মানুষের একটি বড় অংশ এখনও এই আইন সম্পর্কে পর্যাপ্তভাবে অবগত নয়। ফলে সাধারণ ভোক্তাদের প্রতিনিয়ত নানা ধরনের ভোগান্তি ও হয়রানির শিকার হতে হচ্ছে। কিছু সচেতন ও শিক্ষিত ব্যক্তি ছাড়া অধিকাংশ মানুষ এখনো তাদের অধিকার সম্পর্কে জানেন না। এই কারণে ব্যবসায়ীদের প্রতারণামূলক কর্মকাণ্ডের তুলনায় অভিযোগের সংখ্যাও অনেক কম।

বক্তারা আরও বলেন, সাম্প্রতিক বছরগুলোতে অনলাইন কেনাবেচা বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রতারণার ঘটনাও বেড়েছে। ভোক্তা অধিকার বিষয়ে সাধারণ মানুষের অজ্ঞতাই অনেক ক্ষেত্রে অসাধু ব্যবসায়ীদের প্রতারণার প্রধান হাতিয়ার হয়ে উঠেছে।

সভায় ভেজাল পণ্য বিক্রয়, অতিরিক্ত মূল্য আদায় এবং অন্যান্য প্রতারণামূলক কর্মকাণ্ড প্রতিরোধে জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা জোরদার, বিশেষ টাস্কফোর্স কমিটি গঠন এবং বাজার তদারকি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি জেলার বিভিন্ন হাট-বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচার-প্রচারণা, সভা-সমাবেশ ও উদ্বুদ্ধকরণ কার্যক্রম পরিচালনার আহ্বান জানানো হয়।

সভা শেষে টেলিভিশন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ফারুক আহমেদ বলেন, “ভোক্তাদের অধিকার সংরক্ষণে আমরা সর্বদা তৎপর রয়েছি এবং এই বিষয়ে আমাদের কার্যক্রম আরও জোরদার করা হবে।”


Editor & Publisher : Md. Motiur Rahman

Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81