33036

06/07/2026

রাজবাড়ীতে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত

নেহাল আহমেদ, রাজবাড়ী | Published: 2026-06-07 19:51:00

‘প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সারা দেশে পালিত হল বিশ্ব তামাক মুক্ত দিবস।

দিবসটি পালন উপলক্ষে আজ রবিবার (৭ জুন) বেলা সাড়ে ১১টায় রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে, বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৬ উপলক্ষে ধুমপান ও তামাকজাত নিয়ন্ত্রণ আইন বাস্তাবায়নে রাজবাড়ী জেলা টাস্কফোর্স কমিটির বিশেষ আলোচনা সভা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা. এস এম মাসুদ, অতিরিক্ত জেলা প্রশাসক তারিফ উল হাসান, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো: শাহীদুল ইসলাম। জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে, নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. আশিকুজ জামান, জেলা শিক্ষা কর্মকর্তা মো: আব্দুল মজিদ, বাসসের জেলা সংবাদদাতা মোশারফ হোসেন, এনজিও প্রতিনিধি লুৎফর রহমান লাবু এবং গণমাধ্যম প্রতিনিধি মো: কবির হোসেন।

বক্তারা বলেন, বাংলাদেশে বর্তমানে প্রায় ৩ দশমিক ৭৮ কোটি মানুষ তামাক গ্রহণ করে এবং তামাকজনিত রোগে বছরে প্রায় ২ লাখ মানুষের মৃত্যু ঘটে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যানুযায়ী, জেলা সদরে ১০ হেক্টর, গোয়ালন্দে ১০ হেক্টর, পাংশায় ১ হেক্টর, কালুখালিতে ৮ হেক্টর এবং বালিয়াকান্দিতে ৪ হেক্টর জমিতে তামাক চাষ হচ্ছে। এই বছর জেলায় মোট ৩৩ হেক্টর জমিতে তামাক চাষ হচ্ছে। কিন্ত বাস্তবে এর কয়েকগুন বেশী তামাক চাষ হচ্ছে বলে সচেতন মহল মনে করেন।

এদিকে, তামাকমুক্ত দিবসের অনুষ্ঠানে তামাকের চাষ নিয়ে বিশেষ অতিথি রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মোঃ হোসেন শহীদ সরোওয়ার্দীর ইতিবাচক বক্তব্য ঘিরে সভায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।

তিনি বলেন, "তামাক শুধুই ক্ষতিকর নয়। বিভিন্ন ব্যক্তি তামাক সেবন করে থাকেন। বর্তমানে অনেক কৃষক ভালো মুনাফার কারণে তামাক চাষ করছেন। তামাকের বানিজ্যিক চাষের মাধ্যমে তারা জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভৃমিকা রাখছেন।"

বিশ্ব তামাকমুক্ত দিবসের অনুষ্ঠানে রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উর্ধতন কর্মকর্তা মোঃ হোসেন শহীদ সরোওয়ার্দীর এমন বক্তব্যে সভায় উপস্থিত সবাই হতবাক হয়ে যান। তার এই বক্তব্য তামাক চাষে উদ্ভুদ্ধকরণ এবং ধুমপান করায় উৎসাহিত করবে বলে প্রতীয়মান হওয়ায় এক পর্যায়ে জেলা প্রশাসক তাকে নিবৃত্ত করেন।

পরে, সভাপতির বক্তব্যে রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন ধুমপান এবং তামাকের বিভিন্ন ক্ষতিকর দিক তুলে ধরেন এবং কৃষকদের তামাক চাষে নিরুৎসাহিত করতে যা যা করা দরকার সেটা করবেন বলে অঙ্গীকার করেন।

উল্লেখ্য, প্রতি বছর বিশ্বব্যাপী প্রায় ৬০ লক্ষ মানুষের মৃত্যুর কারণ হিসেবে বিবেচিত এবং যার মধ্যে ধূমপানের পরোক্ষ ধোঁয়ার প্রভাবের কারণে প্রায় ৬,০০,০০০ অ-ধূমপায়ী ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সদস্য রাষ্ট্রসমূহ ১৯৮৭ সালে বিশ্ব তামাকমুক্ত দিবস চালু করে। বিগত বিশ বছরে এই দিবসটি সরকার, জনস্বাস্থ্য সংগঠন, ধূমপায়ী, উৎপাদনকারী, এবং তামাক শিল্পের কাছ থেকে উদ্যম এবং প্রতিরোধ উভয়ের মাধ্যমে বিশ্বজূড়ে পালিত হয়ে আসছে।

বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী, সব ধরনের পাবলিক প্লেস এবং পাবলিক পরিবহনে প্রকাশ্যে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ এবং এই অপরাধে সর্বোচ্চ ২,০০০ টাকা জরিমানার বিধান রয়েছে। ২০০৫ সালের ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন সংশোধন করে প্রণীত নতুন অধ্যাদেশ অনুযায়ী এই কঠোর ব্যবস্থা কার্যকর করা হয়েছে।


Editor & Publisher : Md. Motiur Rahman

Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81