February 9, 2026, 5:48 pm


নেহাল আহমেদ, রাজবাড়ী

Published:
2026-02-09 16:01:41 BdST

গণভোট কেন দরকার, জানেন না অনেকেই


আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে অনুষ্ঠিত হতে যাচ্ছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ক গণভোট। তবে নির্বাচনের তারিখ ঘনিয়ে এলেও গণভোট সম্পর্কে গ্রামের অধিকাংশ মানুষ এখনো স্পষ্ট ধারণা রাখেন না। সংসদ নির্বাচন নিয়ে আলোচনা থাকলেও গণভোট নিয়ে তেমন কোনো দৃশ্যমান প্রচার–প্রচারণা চোখে পড়ছে না।

রাজনৈতিক দলগুলো সংস্কারের পক্ষে বক্তব্য দিলেও গণভোট বিষয়ে তাদের সক্রিয় প্রচার প্রায় অনুপস্থিত। ফলে তৃণমূল পর্যায়ের মানুষের মধ্যে গণভোট নিয়ে বিভ্রান্তি ও অজ্ঞতা থেকেই যাচ্ছে।

গণভোটের প্রচারে অন্তর্বর্তী সরকার নানামুখী উদ্যোগ নিলেও মাঠপর্যায়ে এর প্রভাব খুব একটা দেখা যাচ্ছে না। তৃণমূল পর্যায়ে গণভোটের বিষয়টি পৌঁছে দিতে সরকার মসজিদের ইমাম এবং সরকারি বিভিন্ন দপ্তরের মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সম্পৃক্ত করছে বলে জানা গেছে।

রাজবাড়ীর বরাটে ইউনিয়নের ৬০ বছর বয়সী কৃষক ছামাদ মিয়া গণভোট নিয়ে নিজের অভিব্যক্তি প্রকাশ করে বলেন, “সক্কলের কাছে শুনি এবার ভোট দুইড্যা হইবো। একডা হইবো মার্কায়, আর একডা যেন কিব্যার ভোট। কিন্তু এইডার মানে কী, ক্যান দরকার—সেইডা ঠিকমতো জানি না। একটু খুইলে কইলে ভালো হইতো।”

একই ধরনের অভিজ্ঞতার কথা জানান এক পিঠা বিক্রেতা। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তিনি উচ্ছ্বাস প্রকাশ করলেও গণভোট কী, কেন এই ভোট দেওয়া জরুরি—এসব বিষয়ে তিনি সম্পূর্ণ অনবহিত।

তিনি বলেন, “টিভিতে দেখছি ভোটের দিন নাকি আরেকটা ভোট দিতে হইবো। কিন্তু ওই ভোটটা কিসের, দিলে কী হইবো—সেইটা জানি না।”

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিনেই জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে এই গণভোট অনুষ্ঠিত হবে। এই বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে সরকার রেডিও ও টেলিভিশনে প্রচার চালাচ্ছে। পাশাপাশি দেশের বিভিন্ন স্কুল-কলেজ, সরকারি প্রতিষ্ঠান, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কে বড় আকারের বিলবোর্ড স্থাপন করা হয়েছে।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে গণভোট নিয়ে নানা বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার ছড়িয়ে পড়ছে বলেও অভিযোগ রয়েছে। রাজনৈতিক দলগুলো নিজেদের নির্বাচনী প্রতীক ও প্রচারণা নিয়ে ব্যস্ত থাকলেও গণভোটের পক্ষে জনসচেতনতা তৈরিতে তাদের উল্লেখযোগ্য কোনো ভূমিকা দেখা যাচ্ছে না।

এর ফলে ভোটের দিন ঘনিয়ে এলেও গণভোট কেন প্রয়োজন, এতে কী সিদ্ধান্ত নেওয়া হবে—এই মৌলিক প্রশ্নগুলোর উত্তর এখনো অনেক সাধারণ মানুষের কাছে অজানা রয়ে গেছে

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.