February 12, 2026, 11:16 pm


নেহাল আহমেদ, রাজবাড়ী

Published:
2026-02-12 20:50:48 BdST

রাজবাড়ীতে ভোটকেন্দ্রে প্রতিবন্ধী ও বয়স্কদের জন্য প্রাপ্য বিশেষ সুবিধা অনুপস্থিত


আজ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন ভোটাররা৷ তবে, অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে, এই জেলার অধিকাংশ ভোটকেন্দ্রে প্রতিবন্ধী এবং বয়স্কদের জন্য ভোট প্রদানে আলাদা বুথ না থাকায় তাদের পক্ষে দোতলা, তিনতলা সিঁড়ি বেয়ে ভোট দেয়া কষ্টকর ছিলো। রামকান্তপুর, সুর্যনগরের একাধিক ভোটকেন্দ্র ঘুরে এই দূশ্য দেখা যায়।

৮০ বয়স নারী জাহানারা এই প্রতিবেদককে বলেন, দীর্ঘ ১৭ বছর পর ভোট দেয়ার জন্য মুখিয়ে ছিলাম। বয়োবৃদ্ধ  এবং প্রতিবন্ধী ভোটারদের জন্য আলাদা বুথ থাকার দরকার ছিলো। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা আমাদের জন্য কষ্টকর।

এবারের নির্বাচনে প্রথম থেকেই ভোটকেন্দ্র গুলোতে নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। নারীরা উৎসবমুখর পরিবেশে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে ভোটকেন্দ্রে এসেছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজবাড়ী ১ এবং রাজবাড়ী ২ আসনের কয়েকটি কেন্দ্রে ঘুরে এই চিত্র দেখা গেছে।

খানগঞ্চ ইউনিয়নে নারী ভোটা সালমা আক্তার বলেন, আমরা আমাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে সকাল সকাল কেন্দ্রে চলে এসেছি। ভোটকেন্দ্রের পরিবেশ ভালো রয়েছে। অত্যন্ত সুষ্ঠু পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জেলার দুটি আসনের মোট ভোটার ৯ লাখ ৮৯ হাজার ৯০৮ জন। এর মধ্যে রাজবাড়ী-১ আসনের ভোটার ৪ লাখ ৩০ হাজার ২১৫ জন এবং রাজবাড়ী-২ আসনের ভোটার ৫ লাখ ৫৯ হাজার ৬৯৩ জন।

এই নির্বাচনে রাজবাড়ী জেলার দুটি সংসদীয় আসনে বিএনপি, জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটসহ বিভিন্ন দলের মোট ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। জেলার দুটি আসনে মোট ৩৫৪টি কেন্দ্রে ভোট গ্রহণ চলবে। রাজবাড়ী-১ আসনে এবার ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। রাজবাড়ী-২ আসনে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.