February 21, 2026, 1:24 am


কূটনৈতিক প্রতিবেদক

Published:
2026-02-20 23:19:24 BdST

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ঢাকার সঙ্গে ‘বহুমাত্রিক সম্পর্ক’ আরও জোরদারের ইঙ্গিত ভারতের


বাংলাদেশ ও ভারতের মধ্যকার ঐতিহাসিক ও উষ্ণ সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যেতে চায় নয়াদিল্লি। সেই সঙ্গে উভয় দেশের মধ্যে বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে ভারতের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করা হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল দুই দেশের মধ্যকার ‘বহুমাত্রিক’ সম্পর্ক আরও জোরদার করার এই প্রত্যাশা ব্যক্ত করেন।

মুখপাত্র জয়সওয়াল বলেন, আপনারা জানেন, বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। ভারতের পক্ষ থেকে এই সুসম্পর্ক বজায় রাখার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। সেই সফরে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি বিশেষ চিঠি তারেক রহমানের কাছে হস্তান্তর করেন।

ভারতের প্রধানমন্ত্রীর ওই চিঠির বিষয়বস্তু উল্লেখ করে রণধীর জয়সওয়াল বলেন, চিঠিতে একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করার প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে। দুই দেশের দীর্ঘদিনের উষ্ণ ও ঐতিহাসিক সম্পর্কের ওপর দাঁড়িয়ে ভারত বাংলাদেশের সঙ্গে বিদ্যমান বহুমাত্রিক দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করতে চায়।

আরও পড়ুন: ভারতে বাংলাদেশের ভিসা কার্যক্রম পুনরায় চালু

ব্রিফিংয়ে দুই দেশের মধ্যকার ভিসা কার্যক্রম নিয়েও কথা বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র। তিনি জানান, ভিসা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে পর্যায়ক্রমে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে আলোচনা করবে নয়াদিল্লি।

এর আগে বৃহস্পতিবার ভারতের পক্ষ থেকে জানানো হয়, তারা ‘শিগগিরই’ বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা কার্যক্রম পুনরায় চালু করবে।

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার তিন দিনের মাথায় এই অগ্রগতি ঘটল। গত ১২ই ফেব্রুয়ারী অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর থেকেই দুই দেশের সম্পর্কে বরফ গলতে শুরু করে।

পূর্ণাঙ্গ ফল ঘোষণার আগেই ১৩ ফেব্রুয়ারি সকালে এক বিবৃতিতে তারেক রহমানকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরে ফল ঘোষণার পর বিকেলে টেলিফোনে কথা বলে তাকে শুভেচ্ছা জানান এবং সহযোগিতার আশ্বাস দেন।

সাম্প্রতিক এই পদক্ষেপকে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হওয়ার পথে ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখছে কূটনৈতিক মহল।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.