February 21, 2026, 5:25 am


আন্তর্জাতিক প্রতিবেদক

Published:
2026-02-21 03:42:02 BdST

সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ট্রাম্পের বৈশ্বিক শুল্ক আরোপ অবৈধ: মার্কিন আদালত


প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতিকে অবৈধ ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে, জাতীয় জরুরি আইনের আওতায় এভাবে শুল্ক আরোপের ক্ষমতা প্রেসিডেন্টের নেই।

শুক্রবার দেওয়া ৬-৩ ভোটের রায়ে নিম্ন আদালতের সিদ্ধান্ত বহাল রাখা হয়। রায়টি লিখেছেন প্রধান বিচারপতি জন রবার্টস।

তিনি বলেন, ১৯৭৭ সালের ওই আইন ব্যবহার করে শুল্ক আরোপে প্রেসিডেন্ট তার ক্ষমতার সীমা অতিক্রম করেছেন। শুল্ক আরোপের ক্ষমতা প্রয়োগে প্রেসিডেন্টকে কংগ্রেসের অনুমোদন দেখাতে হবে। কিন্তু তিনি তা পারেননি।

বিচারকের রায়ে আরও বলা হয়েছে, ট্রাম্প বিশেষ জরুরি আইন ‘ইন্টারন্যাশনাল ইমারজেন্সি ইকোনমিক পাওয়ারস আইন’ ব্যবহার করে এই শুল্ক আরোপ করেছিলেন।

কিন্তু আদালত জানিয়েছে, এই আইন প্রেসিডেন্টকে শুল্ক আরোপ করার অধিকার দেয় না। ট্রাম্প শুল্ক আরোপের ক্ষেত্রে নিজের ক্ষমতার অপব্যবহার করেছেন।

প্রধান বিচারপতি রবার্টস আরও লেখেন, সংবিধান প্রণেতারা কর আরোপের ক্ষমতার কোনো অংশই নির্বাহী বিভাগের হাতে দেননি। কর আরোপের ক্ষমতা দেওয়া হয়েছে কংগ্রেসকে, যার মধ্যে শুল্কও অন্তর্ভুক্ত।

মামলাটি দায়ের করেছিল শুল্ক আরোপে ক্ষতিগ্রস্ত বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠান এবং ১২টি অঙ্গরাজ্য। এই ১২টি অঙ্গরাজ্যের বেশিরভাগই ডেমোক্র্যাট শাসিত। তারা ট্রাম্পের একতরফাভাবে আমদানি শুল্ক আরোপের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে।

সুপ্রিম কোর্টের এই রায়ের আগে জর্জিয়া অঙ্গরাজ্যের এক অনুষ্ঠানে ট্রাম্প শুল্কের পক্ষে জোর অবস্থান জানিয়েছিলেন।

তিনি বলেন, প্রেসিডেন্ট হিসেবে শুল্ক নির্ধারণ করার অধিকার তার রয়েছে। শুল্ক না থাকলে সবাই দেউলিয়া হয়ে যেত।

এই রায়ের ফলে বৈশ্বিক অর্থনীতিতে বড় প্রভাব পড়তে পারে। মার্কিন প্রশাসনও বড় সংকটে পড়তে পারে। সরকারকে এখন বিভিন্ন দেশের সঙ্গে করা বাণিজ্য চুক্তিগুলো নতুন করে বিবেচনা করতে হতে পারে।

এই রায়কে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে সুপ্রিম কোর্টে প্রশাসনের অন্যতম বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। গত বছর অভিবাসন নীতি, স্বাধীন সংস্থার প্রধানদের অপসারণ এবং সরকারি ব্যয়ে বড় ধরনের কাটছাঁট সংক্রান্ত একাধিক জরুরি আবেদনে আদালত প্রেসিডেন্টের পক্ষ নিয়েছিল।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.