নিজস্ব প্রতিবেদক
Published:2026-04-20 14:58:36 BdST
হামের টিকা নিয়ে অবহেলা করেছিল বিগত সরকার: প্রতিমন্ত্রী টুকু
বিগত সরকার হামের টিকা নিয়ে অবহেলা করেছিল এবং সময়মতো টিকা আনার কার্যকর ব্যবস্থা নেয়নি। ফলশ্রুতিতে, হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় বর্তমান সরকারের টিকা প্রদানে অনাকাঙ্ক্ষিত সংকট সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বর্তমান সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা দ্রুততম সময়ে এই টিকার ব্যবস্থা করেছেন। এজন্য সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন ও ধন্যবাদ জানাই।
সোমবার (২০ এপ্রিল) বেলা ১১টায় টাঙ্গাইল পৌর শহরের পৌর উদ্যানে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী টুকুর মতে, বিগত দুই সরকারের অবহেলা ও দায়িত্বহীনতার কারণে জনগণ এই স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়েছিল। এই ধরণের অবহেলার জন্য তিনি তাদের নিন্দা জানান। তবে বর্তমান সরকারের উদ্যোগে ইতোমধ্যে সারা দেশে হামের টিকা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এছাড়া মানুষের জীবনে স্বাস্থ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে শিশুদের স্বাস্থ্যঝুঁকি অত্যন্ত উদ্বেগজনক। তাই সবাইকে সচেতন হয়ে স্বাস্থ্যের বিষয়ে কোনো ধরণের অবহেলা না করার পাশাপাশি, আগামী দিনে স্বাস্থ্য সচেতনতা আরও বাড়াতে সকলের প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক শরীফা হক, সিভিল সার্জন ডা. এএফএম মাহবুবুল আলম মঞ্জু, পুলিশ সুপার শামসুল আলম সরকার এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, টাঙ্গাইলের ১২০টি কেন্দ্রে ৩৯০টি ওয়ার্ডে হাম-রুবেলার টিকা পাবে তিন লাখ ৮৭ হাজার ৩৬৯ জন শিশু। সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত তিন হাজার ১২০ টি কেন্দ্রে এই টিকা দেয়া হবে। এ কার্যক্রম আগামী ১০ মে পর্যন্ত চলবে।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.
