April 30, 2026, 11:49 am


নিজস্ব প্রতিবেদক

Published:
2026-04-30 10:28:12 BdST

পিবিআই কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর অনিয়মের অভিযোগ আমলে নিয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু


পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)–এর এক তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে ওঠা গুরুতর অনিয়ম, তদন্তে পক্ষপাত এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আমলে নিয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু করা হয়েছে।

পিবিআই সূত্রে জানা গেছে, এসআই মো. সজিবুল হাসানের বিরুদ্ধে দাখিল করা অভিযোগের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ফারজানা ইমরোজ গতকাল বুধবার (২৯ এপ্রিল) একটি আনুষ্ঠানিক তদন্ত আদেশ জারি করেন।

উক্ত আদেশের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাইয়ে পৃথক ও নিরপেক্ষ তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে।

অভিযোগকারী কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন এসেট প্রকল্পের সাবেক উপপ্রকল্প পরিচালক খন্দকার খালেদ রিয়াজ জানান, তিনি প্রকল্পে কর্মরত অবস্থায় প্রকল্প পরিচালক মীর জাহিদ হাসান ও অতিরিক্ত প্রকল্প পরিচালক মোঃ আব্দুর রহিম তাকে মেডিকেল বোর্ডের অনুমোদন ছাড়াই শারীরিক ও মানসিকভাবে অসুস্থ উল্লেখ করে প্রকল্প থেকে প্রত্যাহার করায় তাদের বিরুদ্ধে পেনাল কোড ৫০০/৩৪ ধারায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন।

তিনি বলেন, বিজ্ঞ আদালত অভিযোগ আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। তদন্ত চলাকালে দায়িত্বপ্রাপ্ত পিবিআই কর্মকর্তা সজিবুল হাসান আমাকে মামলা প্রত্যাহারের জন্য চাপ প্রয়োগ করেন এবং আসামিপক্ষের সঙ্গে সমঝোতায় যেতে উদ্বুদ্ধ করেন।

এছাড়া তদন্ত প্রক্রিয়ায় গোপনীয়তা ভঙ্গ, গুরুত্বপূর্ণ সাক্ষ্য ও প্রমাণ উপেক্ষা এবং পক্ষপাতমূলক আচরণের অভিযোগও তিনি উত্থাপন করেন।

অভিযোগপত্রে আরও দাবি করা হয়, মামলার তদন্তে সংশ্লিষ্ট কিছু নথি ও আলামত যথাযথভাবে আদালতে উপস্থাপন করা হয়নি এবং তদন্তে দীর্ঘসূত্রিতা সৃষ্টি করা হয়েছে, যা ন্যায়বিচার প্রক্রিয়াকে ব্যাহত করছে।

নতুনভাবে শুরু হওয়া তদন্তে অভিযোগগুলোর প্রতিটি দিক যাচাই করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের বিষয়টি বিবেচনা করা হবে।

এই বিষয়ে অভিযুক্ত কর্মকর্তার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। পিবিআইও এই বিষয়ে বিস্তারিত মন্তব্য করা থেকে বিরত রয়েছে।

তবে সংস্থাটির একটি সূত্র জানায়, “যেকোনো অভিযোগকে গুরুত্ব সহকারে বিবেচনা করা হয় এবং স্বচ্ছ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটনই পিবিআইয়ের নীতি।”

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.