আলমগীর চৌধুরী, বাগেরহাট
Published:2026-05-20 19:06:30 BdST
বাগেরহাটে প্রস্তাবিত সেলিমাবাদ থানা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পানগুছি নদীর উত্তর ও উত্তর-পূর্ব অঞ্চলের ৯টি ইউনিয়নের "প্রস্তাবিত সেলিমাবাদ থানা" দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ২০ মে (বুধবার) বিকাল ৪টায় মোড়েলগঞ্জের ঐতিহ্যবাহী দৈবজ্ঞহাটী বাজারে 'প্রস্তাবিত সেলিমাবাদ থানা বাস্তবায়ন সংগ্রাম পরিষদ'-এর ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধন শেষে আয়োজিত এক সভায় বক্তারা পানগুছি নদী পরিবেষ্টিত এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করার লক্ষে অনতিবিলম্বে এই নতুন থানা গঠনের জোর দাবি জানান।
সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শেখ নজরুল ইসলাম। এই মানববন্ধনে সংহতি প্রকাশ করে এবং সেলিমাবাদ থানা বাস্তবায়নের যৌক্তিকতা তুলে ধরে বক্তব্য রাখেন বনগ্রাম, রামচন্দ্রপুর, পঞ্চকরণ ও দৈবজ্ঞহাটী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যানদের মধ্যে আ: জব্বার মোল্লা, মো: আতাউর রহমান, মাওলানা আ: খালেক এবং কেরামত আলী খান।
অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন মো: আলমগীর হোসেন চৌধুরী, মোড়েলগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইয়াদ, মো: শামিম হোসেন, জেলা ছাত্রদলের নেতা রানা দিহিদার, তারেক সরদার এবং জামায়াতে ইসলামীর নেতা আবুল খায়ের। অনুষ্ঠানটি পরিচালনা করেন পুটিখালী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক নূরুল আলম সোহাগ।
ভৌগোলিক বিচ্ছিন্নতা ও জনদুর্ভোগের হাত থেকে রক্ষা পেতে মানববন্ধনে বক্তারা বলেন, পানগুছি নদীর কারণে উত্তর ও উত্তর-পূর্বের ৯টি ইউনিয়ন উপজেলা সদর থেকে প্রায় বিচ্ছিন্ন। নদী পার হয়ে মূল থানায় গিয়ে সেবা নিতে এই অঞ্চলের আপামর জনসাধারণকে প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হতে হয়। বিশেষ করে রাতে কোনো দুর্ঘটনা বা জরুরি আইনশৃঙ্খলা পরিস্থিতির তৈরি হলে নদী পারাপার অসম্ভব হয়ে পড়ে।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ৯টি ইউনিয়নের বিশাল জনগোষ্ঠীর নিরাপত্তা ও প্রশাসনিক কাজের সুবিধার জন্য সেলিমাবাদ থানা বাস্তবায়ন এখন সময়ের দাবি। এটি বাস্তবায়িত হলে বনগ্রাম, রামচন্দ্রপুর, পঞ্চকরণ, তেলিগাতী ও দৈবজ্ঞহাটীসহ পার্শ্ববর্তী এলাকার মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হবে এবং নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছাবে।
সমাবেশ থেকে সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অনতিবিলম্বে প্রস্তাবিত সেলিমাবাদ থানা বাস্তবায়নের জন্য প্রজ্ঞাপন জারির জোর দাবি জানান। অন্যথায় আগামীতে আরও কঠোর ও শান্তিপূর্ণ আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। মানববন্ধনে এলাকার হাজারো সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ব্যানার ও ফেস্টুন হাতে অংশ নেন।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.
