June 6, 2026, 2:54 am


শাহীন আবদুল বারী

Published:
2026-06-06 01:18:30 BdST

ছাত্রদল আমার রাজনীতির শিকড়: প্রতিমন্ত্রী টুকু


ছাত্রদল আমার রাজনীতির শিকড়: প্রতিমন্ত্রী টুকু

ছাত্ররাজনীতি এবং জাতীয়তাবাদী ছাত্রদলকে নিজের রাজনীতির শিকড় ও মূল ভিত্তি হিসেবে উল্লেখ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র প্রচার সম্পাদক এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ছাত্ররাজনীতির পথ ধরেই আমার রাজনৈতিক জীবনের যাত্রা শুরু। সেই পথের প্রতিটি পদক্ষেপে রয়েছে সংগ্রাম, ত্যাগ, স্বপ্ন এবং অসংখ্য সহযোদ্ধার স্মৃতি। ছাত্রদলের একজন কর্মী থেকে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি হওয়ার যে দীর্ঘ পথচলা, তার প্রতিটি অধ্যায় আমাকে শিখিয়েছে একটি আদর্শিক সংগঠনের সবচেয়ে বড় শক্তি হলো তার তরুণ নেতৃত্ব।

তিনি বলেন, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত ছাত্রদল দেশের গণতন্ত্র রক্ষায় অতন্দ্র প্রহরীর মতো কাজ করেছে। ফ্যাসিষ্ট আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী শাহাদতবরণ করেছেন। আর আন্দোলনের মুল দায়িত্ব পালন করেছে বিএনপি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।'

সালাউদ্দিন টুকু বলেন, 'দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। ছাত্রদল সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। এর জন্য নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।

আজ টাঙ্গাইলের সদর উপজেলায় স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীদের সাথে নির্বাচন-পরবর্তী এক মতবিনিময় সভা ও কর্মশালায় তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, সদর উপজেলা ও শহর ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে দীর্ঘদিন পর আজ সময় কাটানোর সুযোগ হয়েছে। তাদের কথা শুনেছি, তাদের ভাবনা জেনেছি, তাদের প্রত্যাশা ও পরিকল্পনা নিয়ে আলোচনা করেছি। আমি বিশ্বাস করি, রাজনৈতিক সংগঠনের শক্তি কেবল নেতৃত্বের নির্দেশনায় নয় বরং কর্মীদের চিন্তা, অংশগ্রহণ এবং দায়িত্ববোধের মধ্যেই নিহিত।

টুকু বলেন, আমরা এমন একটি ছাত্রদল গড়ে তুলতে চাই, যারা শুধু রাজনৈতিক কর্মসূচিতে না বরং সমাজ গঠন, মানবিক মূল্যবোধ, শিক্ষা, প্রযুক্তি ও নেতৃত্ব বিকাশেও অগ্রণী ভূমিকা পালন করবে। আগামী দিনের বাংলাদেশ গড়ার দায়িত্ব আজকের তরুণদের কাঁধেই ন্যস্ত। তাই তাদের প্রস্তুত করতে হবে জ্ঞান, দক্ষতা, শৃঙ্খলা এবং আদর্শের সমন্বয়ে।

তিনি আরও বলেন, অনেক বছর আগে আমরাও স্বপ্ন দেখেছিলাম একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ ও মর্যাদাশীল বাংলাদেশের। সময় বদলেছে, প্রজন্ম বদলেছে কিন্তু সেই স্বপ্ন বদলায়নি। আজকের ছাত্রদলের চোখেও আমি সেই স্বপ্নেরই প্রতিফলন দেখতে পাই। আমার বিশ্বাস, আদর্শকে ধারণ করে, জনগণের পাশে থেকে এবং দেশপ্রেমকে শক্তি হিসেবে নিয়ে এগিয়ে গেলে আগামী দিনের নেতৃত্ব এখান থেকেই তৈরি হবে।

পরিশেষে একটাই কথা বলবো, ছাত্রদল আমার রাজনীতির শিকড় আর তরুণরাই বাংলাদেশের ভবিষ্যৎ। সেই ভবিষ্যৎকে আরও সুসংগঠিত, দক্ষ ও দায়িত্বশীল করে গড়ে তোলাই আজ আমাদের অন্যতম অঙ্গীকার।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.