February 20, 2026, 11:38 pm


নিজস্ব প্রতিবেদক

Published:
2026-02-20 21:38:27 BdST

১৪ অঞ্চলে সাংগঠনিক পুনর্বিন্যাসজামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা


আগামী তিন বছরের জন্য নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় মজলিসে শূরার ভার্চুয়াল বৈঠকে ২০২৬-২৮ কার্যকালের এই কমিটি গঠন ও শপথ সম্পন্ন হয়েছে।

জামায়াতে ইসলামী ভেরিফায়েড অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি জানানো হয়েছে।

নতুন কমিটিতে আবারও সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

চারজন নায়েবে আমির, সাতজন সহকারী সেক্রেটারি জেনারেল, ২১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, ৫৯ সদস্যের কেন্দ্রীয় মজলিসে শূরা এবং ৮৮ সদস্যের কেন্দ্রীয় কর্মপরিষদ গঠন করা হয়েছে।

একইসঙ্গে ঢাকাসহ সারা দেশকে ১৪টি সাংগঠনিক অঞ্চলে ভাগ করে অঞ্চল পরিচালক নিয়োগ দিয়ে সাংগঠনিক কার্যক্রমে গতি আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এই কমিটির মেয়াদ শেষ হবে ২০২৮ সালে।

ভার্চুয়ালি অনুষ্ঠিত বৈঠকে আমির ডা. শফিকুর রহমান কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্যদের সঙ্গে পরামর্শক্রমে দায়িত্বশীলদের নির্বাচন করেন এবং শপথ পরিচালনা করেন।

নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল ও সহকারী সেক্রেটারি জেনারেলরা সশরীরে বৈঠকে অংশ নেন।
গত বছরের ২ নভেম্বর ডা. শফিকুর রহমানকে আমির নির্বাচনের প্রায় তিন মাস পর পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করল দলটি।

চার নায়েবে আমির

কমিটির চার নায়েবে আমির হলেন– এটিএম আজহারুল ইসলাম (এমপি), অধ্যাপক মুজিবুর রহমান (এমপি), ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের (এমপি) ও মাওলানা আ ন ম শামসুল ইসলাম।

সাত সহকারী সেক্রেটারি জেনারেল

সহকারী সেক্রেটারি জেনারেল পদে দায়িত্ব পেয়েছেন– মাওলানা এটিএম মাছুম, মাওলানা রফিকুল ইসলাম খান (এমপি), ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, মাওলানা মুহাম্মাদ শাহজাহান ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

২১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ

২১ সদস্যের নির্বাহী পরিষদে রয়েছেন– এটিএম আজহারুল ইসলাম (এমপি), অধ্যাপক মুজিবুর রহমান (এমপি), ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের (এমপি), মিয়া গোলাম পরওয়ার, মাওলানা এটিএম মাছুম, মাওলানা রফিকুল ইসলাম খান (এমপি), ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, মাওলানা মুহাম্মাদ শাহজাহান, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, আবদুর রব, সাইফুল আলম খান মিলন (এমপি), অধ্যক্ষ মো. শাহাবুদ্দীন, অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ (এমপি), অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, মো. মোবারক হোসাইন, মো. নূরুল ইসলাম বুলবুল (এমপি), মোহাম্মদ সেলিম উদ্দীন, ড. শফিকুল ইসলাম মাসুদ (এমপি) ও ড. মোহাম্মাদ রেজাউল করিম।

নারী প্রতিনিধিত্ব

দলীয় বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৮৮ সদস্যের কেন্দ্রীয় কর্মপরিষদে নারী সদস্য রয়েছেন ২১ জন। আর ৫৯ সদস্যের কেন্দ্রীয় মজলিসে শূরায় নারী সদস্য ১৭ জন।

সাংগঠনিক কাঠামোয় নারী অংশগ্রহণ বৃদ্ধিকে দলটি ইতিবাচক অগ্রগতি হিসেবে উল্লেখ করেছে।

কেন্দ্রীয় নির্বাচন কমিশন

৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে মাওলানা এটিএম মাছুমকে।

এছাড়া, কমিশনার হিসেবে রয়েছেন অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, আবদুর রব, মোবারক হোসাইন ও মাওলানা আ. ফ. ম. আবদুস সাত্তার।

১৪ অঞ্চলে পুনর্বিন্যাস

সারাদেশকে ১৪টি সাংগঠনিক অঞ্চলে ভাগ করে অঞ্চল পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।

রংপুর-দিনাজপুরে মাওলানা আবদুল হালিম, বগুড়ায় এটিএম আজহারুল ইসলাম, রাজশাহীতে মাওলানা রফিকুল ইসলাম খান, কুষ্টিয়া-যশোরে মোবারক হোসাইন, খুলনায় অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ, বরিশালে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, ময়মনসিংহে অধ্যক্ষ মো. শাহাবুদ্দীন, ঢাকা মহানগরে মিয়া গোলাম পরওয়ার, ঢাকা উত্তরে সাইফুল আলম খান মিলন, ঢাকা দক্ষিণে আবদুর রব, ফরিদপুরে ড. হামিদুর রহমান আযাদ, সিলেটে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কুমিল্লা-নোয়াখালীতে মাওলানা এটিএম মাছুম এবং চট্টগ্রামে মাওলানা মুহাম্মাদ শাহজাহান দায়িত্ব পালন করবেন।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.