কৃষি ব্যাংকের চেয়ারম্যান হলেন মোহাম্মদ নুরুল আমিন

Published: 24 May 2026 16:05

আজ রোববার (২৪ মে) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

জ্যেষ্ঠ ব্যাংকার মোহাম্মদ নূরুল আমিনকে বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার।

আজ রোববার (২৪ মে) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ কৃষি ব্যাংক আদেশ ১৯৭৩ এর ৭ অনুচ্ছেদ অনুসারে মোহাম্মদ নূরুল আমিনকে বাংলাদেশ কৃষি ব্যাংক পরিচালনা পর্ষদের পরিচালক ও চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেয়া হল। তিনি যোগদানের তারিখ থেকে তিন বছর এই পদে নিযুক্ত থাকবেন।

মোহাম্মদ নূরুল আমিন ৪৩ বছরেরও বেশি সময় ধরে দেশের ব্যাংক খাতের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি এনসিসি ব্যাংক ও মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) দায়িত্ব পালন করেছেন।

২০২৪ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ ব্যাংক থেকে তাকে গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয়। একীভূত হয়ে সম্মিলিত ইসলামী ব্যাংকে রূপান্তরের আগ পর্যন্ত তিনি এই পদে দায়িত্ব পালন করেন।

প্রথম ব্যাংক এমডি হিসেবে মোহাম্মদ নূরুল আমিন একাধারে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেড (এবিবি), বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) ও প্রাইমারি ডিলারস বাংলাদেশ লিমিটেডের (পিডিবিএল) চেয়ারম্যান ছিলেন। ১৯৭৭ সালে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের হাত ধরে তার ব্যাংকার জীবনের সূচনা ঘটে।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএ অনার্স ও মাস্টার্স সম্পন্ন করা মোহাম্মদ নূরুল আমিন দেশে ও বিদেশে ব্যাংকিং বিষয়ক বিভিন্ন কর্মশালায় অংশগ্রহণ করেছেন। অক্সফোর্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ব্যাংকিংবিষয়ক সম্মানজনক ডিপ্লোমা ডিগ্রিও অর্জন করেছেন তিনি।

কৃষি ব্যাংকের চেয়াারম্যান পদে নিয়োগের বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ নূরুল আমিন বলেন, কৃষি ব্যাংক দেশের কৃষক ও প্রান্তিক জনগোষ্ঠির ব্যাংক। এই ব্যাংকটিকে সফল করার মাধ্যমে দেশের কৃষি খাতে বিপ্লব ঘটানো সম্ভব। সরকার প্রয়োজন মনে করে আমাকে কৃষি ব্যাংকের চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে। আশা করছি, আমার ওপর অর্পিত দায়িত্ব আমানতদারীতার সঙ্গে পালন করতে পারব।

Shamiur Rahman

Related