March 8, 2026, 5:06 pm


শাহীন আবদুল বারী

Published:
2026-03-08 14:54:07 BdST

দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রতিমন্ত্রী টুকু


মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের অর্থনীতিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে সরকার কাজ করছে। আমরা দুর্নীতিমুক্ত একটি সমাজ বিনির্মাণ করতে চাই। যে জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দুর্নীতিকে জিরো টলারেন্সের মধ্যে রেখেছেন।

শনিবার (০৭ মার্চ) সন্ধ্যায় টাঙ্গাইল সদর উপজেলার বরুহায় ব্যুরো ইনস্টিটিউট কনফারেন্স রুমে সোনালী ব্যাংক পিএলসির আয়োজনে বিভাগীয় সম্মেলন ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, এই সরকারের যাত্রা কিন্তু খুব কম সময় হযেছে। এর মধ্যে মাত্র কয়েকদিন ধরে আমরা কাজ করতে শুরু করছি। এই সময়ের মধ্যে আমাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, সেগুলো কিন্তু একে একে বাস্তবায়ন করতে পদক্ষেপ নিয়েছি।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিগত সরকারের সময় যেভাবে দুর্নীতি হয়েছে, তাতে দেশের অনেক ব্যাংক দেউলিয়া হয়ে পড়েছে। তবে সেই পরিস্থিতিতেও সোনালী ব্যাংক তার অবস্থান শক্তভাবে ধরে রাখতে পেরেছে। ব্যাংকের কর্মকর্তাদের কর্মদক্ষতা ও আন্তরিকতার কারণেই এটি সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতিতে ব্যাংকিং খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে সোনালী ব্যাংকের কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, সরকারের প্রতি জনগণের আস্থা রয়েছে। সেই আস্থার মর্যাদা রেখে সরকার প্রতিশ্রুতি অনুযায়ী দেশকে উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাবে।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নিয়মিত অফিস করা ও কর্মতৎপরতা দেশের মানুষের কাছে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। এছাড়া তিনি সরকারি প্রটোকল গ্রহণ না করে সাধারণ মানুষের মতো চলাফেরা করছেন, যা মানুষের কাছে প্রশংসিত হয়েছে।

সোনালী ব্যাংকের বিভাগীয় সম্মেলনে জামালপুর জেনারেল ম্যানেজার অফিসের জেনারেল ম্যানেজার গোপাল চন্দ্র গোলদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. শওকত আলী খান।

এছাড়া, ডেপুটি ম্যানেজার ইকবাল হোসেন ও রফিকুল ইসলামও অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এই ইফতার মাহফিলে সোনালী ব্যাংকের ১০১টি শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.