April 2, 2026, 5:40 am


নিজস্ব প্রতিবেদক

Published:
2026-04-02 03:44:30 BdST

রবিবার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি


সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামী রবিবার থেকে দেশব্যাপী হামের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। এই কর্মসূচি পরিচালনায় আজ (বৃহস্পতিবার) থেকে মাঠপর্যায়ে স্বাস্থ্য কর্মীদের সব ছুটি বাতিল ঘোষণা করা হয়েছে।

বুধবার (১লা এপ্রিল) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আগামী রবিবার থেকে আমরা একটা ন্যাশনাল ইমারজেন্সি ভ্যাকসিন ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছি। এই ক্যাম্পেইন শুরু করার জন্য বৃহস্পতিবার এবং শুক্রবার দুই দিন আমরা প্রতিটি উপজেলায় প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করব। ইতোমধ্যে টিকা সংগ্রহ ও সরবরাহের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইউনিসেফ থেকে টিকা কেনার প্রক্রিয়াও শেষ পর্যায়ে রয়েছে এবং বিদ্যমান টিকার ঘাটতি দ্রুত পূরণ করা হচ্ছে।

মন্ত্রী আরও বলেন, 'টিকাদান কার্যক্রম নির্বিঘ্ন করতে মাঠপর্যায়ের সব স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করা হয়েছে।এটি কোনো স্বল্পমেয়াদি ক্যাম্পেইন নয় বরং জরুরি ভিত্তিতে শুরু হওয়া একটি ধারাবাহিক টিকাদান কার্যক্রম, যা নিয়মিত ইপিআই কর্মসূচির পাশাপাশি চলমান থাকবে।'

কতদিন এই টিকাদান কর্মসূচি চলবে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশের প্রতিটি শিশুকে টিকার আওতায় আনতে যতদিন প্রয়োজন, ততদিন এই কার্যক্রম চলবে। কোথাও যদি কোনো কারণে সময় বেশি লাগে, সেক্ষেত্রেও কার্যক্রম বন্ধ হবে না। টিকাদান যেমন চলবে, তেমনি চিকিৎসা সেবাও অব্যাহত থাকবে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি পরিস্থিতি সামাল দিতে। আমরা অতীতের সরকারের মতো এটাতে কোনো ফারাক সৃষ্টি করব না।'

হাম পরিস্থিতি তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রাথমিক পর্যায়ে কিছু শিশুর মৃত্যু ঘটলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। সরকার জরুরি ভিত্তিতে ভেন্টিলেটর সরবরাহ, আইসিইউ বেড বৃদ্ধি এবং চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী নিয়োগের মাধ্যমে চিকিৎসাসেবা জোরদার করেছে। মানিকগঞ্জসহ বিভিন্ন স্থানে নতুন আইসিইউ সুবিধাও চালু করা হয়েছে।

তিনি বলেন, 'অতীতে ৯ মাস ও ১৫ মাস বয়সে যে টিকা দেওয়া হতো, সেটা ছয় মাসে দেওয়া হবে। টিকাদানের বয়সসীমা নির্ধারণে জাতীয় বিশেষজ্ঞ কমিটির সুপারিশ অনুযায়ী ৬ মাস থেকে ১০ বছর বয়সী সকল শিশুদের এই কার্যক্রমের আওতায় আনা হচ্ছে।'

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.