নিজস্ব প্রতিবেদক
Published:2026-03-08 15:23:25 BdST
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির নীতিনির্ধারক মির্জা আব্বাসের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য, মানহানি এবং অপরাধমূলক ভয়ভীতি প্রদর্শনের গুরুতর অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ঢাকার আদালতে একটি মামলার আবেদন করা হয়েছে।
রোববার (৮ মার্চ) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালতে রমনা থানা বিএনপির সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম এই আবেদনটি করেন, যা নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী মো. আমিরুল ইসলাম আমির।
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে যে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শাপলা কলি প্রতীক নিয়ে মির্জা আব্বাসের কাছে শোচনীয়ভাবে পরাজিত হওয়ার পর থেকেই নাসীরুদ্দীন পাটওয়ারী প্রতিহিংসাপরায়ণ হয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন পোর্টালে অনবরত মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করে আসছেন।
বিশেষ করে গত ৫ মার্চ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া তাঁর একটি বক্তব্যে মির্জা আব্বাসকে ‘বাংলাদেশ ক্রিমিনাল র্যাংকিংয়ে নাম্বার ওয়ান গডফাদার’ হিসেবে অভিহিত করা হয়েছে, যা বাদী পক্ষের মতে অত্যন্ত মানহানিকর, শিষ্টাচারবহির্ভূত এবং একজন জ্যেষ্ঠ রাজনীতিকের দীর্ঘদিনের অর্জিত সম্মান ও ক্যারিয়ারে কালিমা লেপনের এক হীন প্রচেষ্টা।
অভিযোগে আরও বলা হয়, ফেসবুক ও ইউটিউবে এই ধরনের উস্কানিমূলক এবং বানোয়াট বক্তব্য ভাইরাল হওয়ার ফলে দেশ-বিদেশের কোটি কোটি মানুষের কাছে মির্জা আব্বাসের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এবং এটি ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক অস্থিরতা তৈরির একটি সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ। মূলত নির্বাচনী পরাজয়ের গ্লানি থেকে নাসীরুদ্দীন পাটওয়ারী একের পর এক সভ্যতা ও সৌজন্যের সীমা লঙ্ঘন করে চলেছেন বলেই এই আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে মামলার আবেদনে উল্লেখ করা হয়েছে।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.
