February 14, 2026, 4:35 pm


নেহাল আহমেদ, রাজবাড়ী

Published:
2026-02-14 14:47:43 BdST

রাজবাড়ীতে জাতীয় পার্টির ভূমিধ্বস পরাজয়


রাজবাড়ী-১ আসন থেকে জাতীয় পার্টির খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু (লাঙ্গল) ২ হাজার ৫৮৬ ভোট পেয়েছেন। রাজবাড়ী-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী ২ হাজার ৫২ ভোট পেয়েছেন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৯ হাজার ৬৯৩ জন।

নির্বাচনের দিন কেন্দ্রগুলো পর্যবেক্ষণ করে দেখা যায়, জাতীয পার্টির কোন এজেন্ট উপস্থিত ছিলো না। এই ব্যাপারে প্রিজাইডিং অফিসারদের সাথে কথা বললে তারা জানান, 'জাতীয় পার্টির কোন পোলিং এজেন্টের নাম আমাদের কাছে পাঠানো হয়নি বা তারা নিজেরাও উপস্থিত হয়নি।'

এর আগে, নির্বাচনের প্রচারণা চলাকালে দুই একদিন তাদের মাইকে প্রচার হলেও তাদের আর তেমন কোন তৎপরতা লক্ষ করা যায়নি। এমনকি, কোথাও ব্যানার পোষ্টার বা জনসংযোগ করেছে এমন তথ্য আমাদের কেউ দিতে পারেনি।

এই ব্যাপারে জাতীয় পার্টির রাজবাড়ী-১ আসনের প্রার্থী খোন্দকার হাবিবুর রহমান বাচ্চুকে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, 'আমাদের প্রচারের জন্য মাইকিং হচ্ছে। শ্রীঘ্রই আমরা মাঠে নামবো।'

রুস্তম আলী নামে একজনের সাথে কথা বললে তিনি জানান, এক সময়ের ক্ষমতায় থাকা দলের ভোটে এমন বিপর্যয় হবে এটা ধারনার বাইরে। অনেকের মতে, জাতীয় পার্টি মূলত একটি গৃহপালিত বিরোধী দল। বিভিন্ন সময় এরা বিভিন্ন সরকারের আশ্রয়ে থেকে তারা নিজেদের স্বার্থ হাসিল করেন। জনগনের প্রতি এদের কোন দায়বদ্ধতা নেই। জনগন ব্যালটের মাধ্যমে এদের উচিৎ জবাব দিয়েছে।

রাজবাড়ী জেলার দুইটি সংসদীয় আসনেই বিপুল ব্যবধানে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থীরা।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে দিবাগত রাতে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সুলতানা আক্তার।

রাজবাড়ী-১

দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য হলেন খৈয়ম

রাজবাড়ী-১ (সদর-গোয়ালন্দ) আসনে ১ লাখ ৫৪ হাজার ৫৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ১ হাজার ৯২ ভোট। এনিয়ে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য হলেন খৈয়ম।

উল্লেখ্য, আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ২০০১ সালেও এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এছাড়া তিনি রাজবাড়ী পৌরসভার টানা তিনবারের নির্বাচিত মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। ফলাফল ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় তিনি এই জয়কে গণতন্ত্রের জয় হিসেবে অভিহিত করেন।

এই আসনে অন্যান্য প্রার্থীদের মধ্যে জাকের পার্টির মোহাম্মদ আলী বিশ্বাস (গোলাপ ফুল) ৮ হাজার ৮৭ ভোট এবং জাতীয় পার্টির খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু (লাঙ্গল) ২ হাজার ৫৮৬ ভোট পেয়েছেন। এই আসনে মোট ৪ লাখ ৩০ হাজার ২১৫ জন ভোটারের মধ্যে ২ লাখ ৭১ হাজার ৯০২ জন ভোট প্রদান করেন।

রাজবাড়ী-২

রাজবাড়ী-২ (পাংশা, কালুখালী, বালিয়াকান্দি) আসনে বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন বিএনপি মনোনীত নতুন মুখ মো. হারুন-অর-রশিদ। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ লাখ ৩৭ হাজার ২৫৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যজোটের (এনসিপি) প্রার্থী জামিল হিজাযী (শাপলা কলি) পেয়েছেন ৬৭ হাজার ২৯৯ ভোট।

জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদের এটিই ছিল প্রথম সংসদীয় নির্বাচন। প্রথমবারেই এমন বিপুল ভোটে জয়লাভ করায় এলাকায় আনন্দ মিছিল বের করেন তাঁর সমর্থকরা।

এই আসনে স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সভাপতি মো. নাসিরুল হক সাবু (কলস) ৩৬ হাজার ৩৩৮ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ৮ হাজার ৫০৩ ভোট এবং জাতীয় পার্টির প্রার্থী ২ হাজার ৫২ ভোট পেয়েছেন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৯ হাজার ৬৯৩ জন।

গণভোট

এই দুটি আসনে গণভোটের ফলাফল রাজবাড়ী-১ (সদর - গোয়ালন্দ) আসনে গণভোটের ফলাফলে 'হ্যাঁ ভোট' পেয়েছে ১ লাখ ৫৭ হাজার ৫২৫ ও না ভোট পেয়েছে ৮৭ হাজার২২৫।

রাজবাড়ী-২ (পাংশা, বালিয়াকান্দি, কালুখালি) আসনে গণভোটের ফলে 'হ্যাঁ' ভোট পেয়েছে ২ লক্ষ ৭ হাজার ৬২৫,না ভোট পেয়েছে ১লক্ষ ১৪ হাজার ৭৬৭ পেয়েছে। দুটি আসনেই হ্যাঁ ভোট বিজয়ী হয়েছে।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.