February 19, 2026, 3:21 am


নিজস্ব প্রতিবেদক

Published:
2026-02-19 01:06:12 BdST

দায়িত্ব পালনে অপারগতা জানালেন সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন এমডি


নিয়োগ পাওয়ার দুই দিন পর দায়িত্ব পালন করবেন না বলে জানালেন সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও পদে নিয়োগ পাওয়া নাবিল মুস্তাফিজুর রহমান।

গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যানকে দেওয়া চিঠিতে তিনি বলেছেন, একান্ত ব্যক্তিগত কারণে তিনি দায়িত্ব পালনে অপরাগ।

তবে সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি ও সিইও পদে বিবেচনা করার জন্য তিনি সরকারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নাবিল মুস্তাফিজুর রহমান ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব গ্রহণ না করার বিষয়ে গতকাল চিঠি দিয়েছেন। তার নিয়োগ অর্থ মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছিল; এখন নতুন এমডি নিয়োগের বিষয়ে মন্ত্রণালয়ই পরবর্তী সিদ্ধান্ত নেবে।’

বর্তমানে নাবিল মুস্তাফিজুর রহমান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বা এএমডি পদে কর্মরত আছেন।

এর আগে ১৫ ফেব্রুয়ারি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গত রোববার সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদ চেয়ারম্যানের কাছে চিঠি পাঠিয়ে নাবিল মুস্তাফিজুর রহমানকে এমডি করার বিষয়ে সরকারের সম্মতির কথা জানান।

ব্যাংকিং খাতে তিন দশকের বেশি অভিজ্ঞতা রয়েছে নাবিল মুস্তাফিজুর রহমানের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) থেকে স্নাতক ডিগ্রি অর্জন করা তিনি গত ৩১ বছর ধরে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকে দায়িত্ব পালন করছেন।

ইউসিবিতে এএমডি হিসেবে তিনি ঝুঁকি ব্যবস্থাপনা, ইসলামিক ব্যাংকিং ও ট্রানজেকশন ব্যাংকিং বিভাগের দায়িত্বে ছিলেন। এর আগে তিনি ব্র্যাক ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এবং হাবিব ব্যাংক লিমিটেডের বাংলাদেশ শাখায় কান্ট্রি চিফ রিস্ক অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।

বিগত সরকারের সময় ডজনখানেক ব্যাংক থেকে ঋণ জালিয়াতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ সরিয়ে নেওয়ায় ব্যাংকগুলো সংকটে পড়ে। এই সংকট নিরসনে পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংককে একত্র করে গঠিত হয় ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’।

ব্যাংকগুলো হলো– এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক।

এই ব্যাংকটির অনুমোদিত মূলধন ৪০ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দিয়েছে ২০ হাজার কোটি টাকা। বাকি ১৫ হাজার কোটি টাকা আসবে আমানতকারীদের শেয়ার থেকে।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.