May 7, 2026, 12:01 pm


নিজস্ব প্রতিবেদক

Published:
2026-05-07 06:02:07 BdST

সাংবাদিকদের চাকরির নিরাপত্তায় সমন্বিত পদক্ষেপ নেওয়া হবে: তথ্যমন্ত্রী


'ভুল তথ্য’ ও ‘অপতথ্য’ মোকাবিলা, আধুনিক তথ্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণ এবং সাংবাদিকদের পেশাগত ও চাকরির নিরাপত্তা নিশ্চিতে সমন্বিত পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের শেষ দিন বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী তার বক্তব্যে দেশের গণমাধ্যম খাতের বর্তমান কাঠামোগত সীমাবদ্ধতার কথা তুলে ধরে বলেন, বাংলাদেশের গণমাধ্যম এখনও অনেকটাই সেকেলে বা অ্যানালগ কাঠামোর মধ্যে আটকে রয়েছে। অথচ বর্তমান বিশ্ব দ্রুত ডিজিটাল বাস্তবতায় রূপান্তরিত হচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে সরকার একটি ‘রূপান্তরিত গণমাধ্যম ইকো-সিস্টেম’ গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। এই লক্ষ্যে জেলা প্রশাসকদেরও প্রস্তুত থাকতে হবে।’

দীর্ঘদিন ধরে গণমাধ্যম খাতের অভ্যন্তরীণ দুর্বলতাগুলো চিহ্নিত না হওয়ায় গদবাঁধা পদ্ধতিতে কাজ চলেছে উল্লেখ করে মন্ত্রী জানান, বর্তমান সরকার এখন সেই অবস্থান থেকে বেরিয়ে বাস্তব পরিস্থিতি বিশ্লেষণ করে কাজ করতে চায় সরকার।’

সভায় ভুল তথ্য (মিস-ইনফরমেশন) ও অপতথ্য (ডিস-ইনফরমেশন) মোকাবিলার বিষয়েও গুরুত্বারোপ করে জহির উদ্দিন স্বপন বলেন, ‘গণমাধ্যমের সঙ্গে সমন্বয় রেখে তথ্যপ্রবাহকে আরও দায়িত্বশীল ও শৃঙ্খলাপূর্ণ করার উদ্যোগ নেয়া হবে।’

সরকারের সক্ষমতা এবং গণমাধ্যমের প্রত্যাশার মধ্যে যে ব্যবধান রয়েছে, মন্ত্রী তাকে ‘রাষ্ট্রীয় দুর্বলতার প্রতিফলন’ হিসেবে অভিহিত করেন। তবে এই সীমাবদ্ধতাগুলো চিহ্নিত করা সম্ভব হয়েছে। শিগগিরই আধুনিক তথ্য ব্যবস্থাপনায় প্রবেশ করা সম্ভব হবে।’

সাংবাদিকদের বেতন কাঠামো, চাকরির নিরাপত্তা ও পেশাগত সুরক্ষার বিষয়েও মন্ত্রী বলেন, ‘এরইমধ্যে নোয়াবের সঙ্গে মালিকপক্ষের নীতিগত পর্যায়ে আলোচনা হয়েছে। শিগগিরই টেলিভিশন মালিকদের সংগঠনের সঙ্গেও বৈঠক হবে। সাংবাদিকরা সম্মানিত পেশার মানুষ। তাই নিয়োগকর্তারা যেন আইন অনুযায়ী মর্যাদাসম্পন্ন বেতন কাঠামো, চাকরির নিরাপত্তা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করেন, সে বিষয়ে সরকার উদ্যোগ নেবে।’

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.