February 8, 2026, 5:34 pm


নিজস্ব প্রতিবেদক

Published:
2026-02-08 13:39:05 BdST

ইনশাআল্লাহ, ১২ ফেব্রুয়ারি আমরা বিজয় নিয়ে ঘরে ফিরব।’৫ আগস্টের মতো ১২ ফেব্রুয়ারিও সফল হবো: নাহিদ ইসলাম


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে ঘরে ফিরবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন ১০ দলীয় ঐক্যজোটের ঢাকা-১১ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেছেন, ‘আমরা তরুণ যুব সমাজ সবাই প্রস্তুত আছি। আপনাদের প্রতি আহ্বান, ১২ ফেব্রুয়ারি ব্যর্থ হলে ৫ আগস্ট ব্যর্থ হবে; ৫ আগস্ট যেভাবে সফল করেছি ১২ ফেব্রুয়ারিও সফল হবো। ইনশাআল্লাহ, ১২ ফেব্রুয়ারি আমরা বিজয় নিয়ে ঘরে ফিরব।’

আজ রোববার রাজধানীর বাড্ডায় ১০ দলীয় ঐক্যজোটের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা শুধু ঢাকা-১১ আসনের জন্যই জয়ের ব্যাপারে আশাবাদী নই, সমগ্র বাংলাদেশে জয়ের ব্যাপারে আশাবাদী। ১০ দলীয় ঐক্যজোট সরকার গঠনের ঐক্যজোট, আগামীর বাংলাদেশ নেতৃত্ব দেওয়ার ঐক্যজোট।’

তিনি বলেন, ‘১০ দলীয় ঐক্যজোটের নেতৃত্বে আপনারা সারা বাংলাদেশে যে যেখানে, যে মার্কা যে প্রার্থী আছেন তাদের সহযোগিতা ও ভোট দিয়ে জিতিয়ে আসবেন। এই আহ্বান আপনাদের প্রতি রইল।’

ঢাকা-১১ আসনের এই প্রার্থী আরও বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশে যে আরেকটি দল রয়েছে, যারা বাংলাদেশকে বিপদগ্রস্ত করার পরিকল্পনা নিয়ে গেছে। সেই প্ল্যান পরিকল্পনাকে আমাদের পরাজিত করতে হবে। আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশকে দখলদার মুক্ত, আধিপত্যবাদ মুক্ত, সন্ত্রাস মুক্ত করতে হবে।’

ঢাকা-১১ এলাকা উন্নয়ন না হওয়ার পেছনের প্রধান সমস্যা হচ্ছে রাজনৈতিক কারণ উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘সেই রাজনৈতিক কারণটি হচ্ছে ভূমিদস্যু। এই এলাকার শত শত মানুষের জমি শত শত খাস জমি সাধারণ জলাশয় এগুলো দখল করে নেওয়া হয়েছে। ভরাট করে ফেলা হয়েছে। শত শত পরিবারকে নিঃস্ব করে দেওয়া হয়েছে।’

এই অঞ্চলের অর্থনৈতিক বৈষম্য দূর করার প্রতিশ্রুতি দিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, ‘এই অঞ্চলের নাগরিক সুবিধা আমরা নিশ্চিত করবো। যেসব মানুষ ভূমি হারিয়েছে, তাদের ভূমি আমরা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবো। নতুবা তাদের আমরা ন্যায্য মূল্য পাইয়ে দেওয়ার ব্যবস্থা করবো। এই ভূমিদস্যুদের সিন্ডিকেট ঢাকা-১১ থেকে আমরা চিরতরে নির্মূল করবো।’

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.