শিহাব উদ্দিন আহমেদ টিপু; নোয়াখালী
Published:2026-04-26 00:12:50 BdST
নদীর ঘাটে লুকানো ২৭'শ লিটার ডিজেল জব্দ, গ্রেপ্তার ১
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে ২৭’শত লিটার অবৈধ ডিজেলসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের কালামচর মুক্তারিয়া এলাকার ঘাটে অভিযান চালিয়ে মোহাম্মদ মহিউদ্দিন (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করে হাতিয়া থানা পুলিশ।
শনিবার (২৫ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কবির হোসেন বলেন, গ্রেপ্তারকৃত মহিউদ্দিন একই ইউনিয়নের আজিমনগর গ্রামের মজল করিমের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার জাহাজমারা ইউনিয়নের কালামচর সুইচ ঘাট সংলগ্ন এলাকায় বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট ও হাতিয়া থানা পুলিশ অভিযান চালায়। অভিযানে ‘মা-বাবার দোয়া বরফকল’ সংলগ্ন এলাকা থেকে ১৫টি ব্যারেলে সংরক্ষিত ২৭'শ লিটার ডিজেল জব্দ করা হয়। এসময় অতিরিক্ত মুনাফার উদ্দেশ্যে অবৈধভাবে জ্বালানি মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে মহিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
ওসি কবির হোসেন এই প্রতিবেদককে বলেন, পরবর্তীতে জব্দকৃত ডিজেল জাহাজমারা তদন্ত কেন্দ্রে রাখা হয়। এই ঘটনায় হাতিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.
