May 9, 2026, 8:16 pm


বিশেষ প্রতিবেদক

Published:
2026-05-09 18:47:29 BdST

ইউনিক গ্রুপের মালিক নূর আলীর বিরুদ্ধে ১১৫ কোটি টাকার অর্থ পাচারের মামলা


ইউনিক গ্রুপের কর্ণধার মোহাম্মদ নূর আলী এবং তার নির্মাণ প্রতিষ্ঠান বোরাক রিয়েল এস্টেট প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে প্রতারণা ও মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

শুক্রবার (৮ মে) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এই তথ্য নিশ্চিত করেন।

সিআইডির অভিযোগ অনুযায়ী, রাজধানীর বনানীতে ডিএনসিসি নিয়ন্ত্রিত সরকারি জমিতে গড়ে ওঠা “বনানী সুপার মার্কেট কাম হাউজিং” প্রকল্পে অনিয়ম, প্রতারণা ও মানিলন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে। অনুমোদনহীন ভবনে হোটেল ব্যবসা পরিচালনার মাধ্যমে অভিযুক্তরা প্রায় ১১৫ কোটি ৫৮ লাখ ২৪ হাজার ৭০৭ টাকা অবৈধভাবে অর্জন ও তা স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের মাধ্যমে মানিলন্ডারিং করেছেন বলে প্রাথমিক অনুসন্ধানে তথ্য-প্রমাণ পাওয়া গেছে। এই ঘটনায় বনানী থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটি মানিলন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ এর ৪(২) ও ৪(৪) ধারায় রুজু করা হয়।

জানা যায়, বনানী এলাকায় ১৪ তলা ভবন নির্মাণের অনুমোদিত চুক্তি থাকলেও বোরাক রিয়েল এস্টেট প্রাইভেট লিমিটেড চুক্তির শর্ত ভঙ্গ করে অনুমোদন ছাড়াই ২৮ তলা ভবন নির্মাণ করে। পরবর্তীতে ওই ভবনে পাঁচ তারকা হোটেল “শেরাটন” চালু করা হয়।

অভিযোগে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন না করা এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে প্রাপ্য অংশ বুঝিয়ে না দিয়ে প্রভাব খাটিয়ে একাধিকবার চুক্তি সংশোধন করা হয়।

এছাড়া ভবন নির্মাণে রাজউক এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনাপত্তিপত্র না নেওয়ার অভিযোগও রয়েছে। এতে ভবনের উচ্চতা নির্ধারিত সীমা অতিক্রম করায় বিমান চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সিআইডির দাবি, অনুমোদনহীনভাবে পরিচালিত হোটেল ব্যবসার মাধ্যমে অর্জিত অর্থ বিভিন্ন মাধ্যমে ঘুরিয়ে মানিলন্ডারিং করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, লন্ডারকৃত অর্থের পরিমাণ আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

বর্তমানে মামলাটির তদন্ত ফাইন্যান্সিয়াল ক্রাইম বিভাগ পরিচালনা করছে। সিআইডি জানিয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তথ্য উদঘাটন ও অভিযুক্তদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.