April 30, 2026, 3:31 pm


নিজস্ব প্রতিবেদক

Published:
2026-04-30 11:19:38 BdST

রোগী ও স্বজনদের দুর্ভোগ চরমেগ্রীন রোডের সেন্ট্রাল হাসপাতালে কর্মচারীদের কর্মবিরতি


রাজধানীর গ্রীন রোডের সেন্ট্রালাইজড হাসপাতালে কর্মরত সাধারণ কর্মচারীরা বেশকিছু দাবিতে কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি পালন করছেন। এতে হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীরা ব্যাপক বিড়ম্বনার শিকার হচ্ছেন। হাসপাতালে ভর্তি থাকা সাধারণ রোগীরা বর্তমানে আতঙ্কগ্রস্থ বলে জানিয়েছেন তাদের স্বজনরা।

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল থেকে সেন্ট্রাল হাসপাতাল লিমিটেডের অধিভুক্ত সকল কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ বেতনভাতা বৃদ্ধি এবং অন্যান্য সুযোগ সুবিধা প্রদানের দাবিতে এই কর্মসূচি পালন করছেন।

এই বিষয়ে জানতে হাসপাতালের সামনে আন্দোলনরত একাধিক কর্মকর্তা ও কর্মচারীদের সাথে কথা বলে জানা গেছে, সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে তাদের বেতন সময়মতো পরিশোধ করে না। অনেক ক্ষেত্রে মাস পেরিয়ে গেলেও তাদের কোন ভ্রুক্ষেপ নেই। এছাড়া প্রভিডেন্ট ফান্ড গঠন, ইনক্রিমেন্ট এবং বিনা কারণে কাউকে চাকুরীচ্যুত না করার দাবিও তুলেছেন আন্দোলনরত কর্মচারীরা।

তারা আরও বলেন, হাসপাতালে কর্মরত নিম্নশ্রেণীর কর্মচারীরা দীর্ঘদিন যাবৎ কোনপ্রকার ছুটি ভোগ করতে পারেন না। টানা ডিউটি করতে করতে তারা ক্লান্ত হয়ে পড়লেও কর্তৃপক্ষ এই বিষয়ে উদাদীন। এনিয়ে তাদের মধ্যে অনেকদিন ধরেই চাপা ক্ষোভ বিরাজ করছিলো। এরই ফলশ্রুতিতে আজ অনেকটা বাধ্য হয়েই তারা কর্মবিরতি পালন করছেন।

এই বিষয়ে কথা বলার জন্য সেন্ট্রাল হাসপাতালের চিকিৎসা সেবা বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব) ড. খান মো: আবদুল্লাহ হেল গালিবের মুঠোফোনে কল দেয়া হলেও তাকে পাওয়া যায়নি।

পরে, হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক ড. কামরুজ্জামান এই প্রতিবেদককে বলেন, 'কর্মচারীদের আন্দোলন এবং তাদের দাবিদাওয়ার বিষয়ে সেন্ট্রাল হাসপাতালের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ড. মতিউর রহমানসহ অন্যান্য পরিচালকদের অবহিত করা হয়েছে। তারা হাসপাতালে আসছেন। মালিকপক্ষ হাসপাতালে আসার পর আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের প্রতিনিধিদের সাথে বৈঠকে বসবেন। আলোচনার মাধ্যমেই সৃষ্ট জটিলতা নিরসন করা হবে বলে আমরা সবাই আশাবাদী।'

উল্লেখ্য, গ্রীন রোড সেন্ট্রাল হসপিটাল লিমিটেড ধানমন্ডির গ্রীন রোডে অবস্থিত একটি সুপরিচিত বহুমুখী হাসপাতাল। এই হাসপাতালে ২৪ ঘন্টা জরুরি সেবা, কার্ডিওলজি, গাইনী, শিশু বিভাগসহ বিভিন্ন ধরনের আধুনিক চিকিৎসা এবং ল্যাব/ডায়াগনস্টিক সুবিধা পাওয়া যায়।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.