February 21, 2026, 7:20 am


নিজস্ব প্রতিবেদক

Published:
2026-02-21 05:32:41 BdST

বিএনপি নেতাকর্মীদের বাধায় শ্রদ্ধা জানাতে পারলেন না ব্যারিস্টার রুমিন


বিএনপি নেতাকর্মীদের বাধার মুখে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পারেননি ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। এসময় উত্তেজিত নেতাকর্মীরা রুমিন ফারহানার পুষ্পস্তবক ছিঁড়ে ফেলে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ায় সরাইল উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। এসময় উত্তেজনা ছড়িয়ে পড়লে কর্মী-সমর্থকদের প্রহরায় শহীদ মিনার এলাকা ত্যাগ করেন রুমিন ফারহানা।

প্রত্যক্ষদর্শীরা জানান, আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে রাত পৌনে ১২টার দিকে শহীদ মিনার প্রাঙ্গণে এসে পৌঁছান রুমিন ফারহানা। এসময় পুষ্পস্তবক নিয়ে শহীদ বেদীর সামনে দাঁড়িয়ে ছিলেন রুমিন ফারহানা ও তার কর্মী-সমর্থকরা। একই সময়ে সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে রুমিন ফারহানাকে উদ্দেশ্য করে 'ভুয়া ভুয়া' স্লোগান দিতে থাকেন। এনিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়।

একপর্যায়ে রুমিন ফারহানার আনা পুষ্পস্তবকটি ছিঁড়ে ফেলেন বিএনপি নেতাকর্মীরা। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুষ্পস্তবক অর্পণ করতে না পেরে কর্মী-সমর্থকদের প্রহরায় শহীদ মিনার এলাকা ত্যাগ করেন তিনি।

এদিকে, এই ঘটনার পর ঢাকা সিলেট মহাসড়কের শাহবাজপুর প্রথম গেট এলাকা প্রায় এক ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করেন রুমিন ফারহানার কর্মী সমর্থকরা। এসময় সড়কের উপর আগুন জ্বালিয়ে এই ঘটনার বিচার দাবি করেন তারা।

নবনির্বাচিত সংসদ সদস্য রুমিন ফারহানা অভিযোগ করে বলেন, নিয়ম অনুযায়ী আমি প্রথমে শহীদ মিনারে ফুল দিতে যাই। সে সময় বিএনপি'র কিছু নেতাকর্মী পূর্বপরিকল্পিতভাবে হামলা চালায়।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর পর বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসার পর যদি স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে এর পরিণতি ভয়াবহ হবে। তাই যারা দলের পদ ব্যবহার করে এমন হিংস্রতা করে তাদের বিষয়ে দলের উচ্চ পর্যায়ে থেকে ব্যবস্থা নেওয়া উচিত নয়তো এটি দলের জন্য যেমন ক্ষতিকর হবে তেমনি সরকারেরও ভাবমূর্তি ক্ষুন্ন হবে।

এই বিষয়ে পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফ বলেন, শহীদ মিনারে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি এবং স্লোগান দেওয়ার বিষয়ে আমরা অভিযোগ পেয়েছি। ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করে পুরো বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.