February 1, 2026, 4:15 pm


সামিউর রহমান লিপু

Published:
2026-02-01 14:08:53 BdST

আগামীকাল যশোর যাচ্ছেন তারেক রহমান


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রথমবারের মতো যশোরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার এই সফরকে কেন্দ্র করে যশোর জেলা এখন উৎসবের নগরীতে পরিণত হয়েছে।

সোমবার (২ ফ্রেব্রুয়ারি) খুলনায় সমাবেশ শেষে যশোর উপশহর কলেজ মাঠে জনসভায় যোগ দিবেন তিনি। এদিন দুপুর ১২টা থেকে শুরু হবে এই নির্বাচনি সমাবেশ।

এদিকে, তারেক রহমানের যশোরে আগমনকে কেন্দ্র করে রাজপথ থেকে শুরু হয়ে পাড়া-মহল্লায় বইছে সাজ সাজ রব। চলছে প্রচার মিছিল। দলের চেয়ারম্যানের আগমনকে কেন্দ্র করে গোটা যশোরে বিএনপি’র নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে আগ্রহ ও উৎসাহ-উদ্দীপনার কমতি নেই। তারেক রহমানকে এক নজর দেখা এবং তার মূল্যবান বক্তব্য শোনার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

সূত্র মতে, বৃটিশ ভারতে প্রথম জেলা এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের প্রথম শত্রুমুক্ত জেলা এবং বৃটিশ আমলে প্রতিষ্ঠিত যশোর পৌরসভাকে সিটি করপোরেশন করাসহ বিএনপি আমলে গৃহীত উন্নয়নমূলক কর্মকাণ্ডে ফের গতি আসবে; চেয়ারম্যানের কাছ থেকে এমন ঘোষণার প্রত্যাশা স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের। এদিকে এই জনসভায় বৃহত্তর যশোর ও বৃহত্তর কুষ্টিয়ার ৮ জেলার ধানের শীষ প্রতীকের প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা উপস্থিত থাকবেন।

যশোর জেলা বিএনপি’র সভাপতি এডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু জানান, সোমবার বিকাল ৩টার দিকে দলের চেয়ারম্যান তারেক রহমান হেলিকপ্টারযোগে যশোর পৌঁছাবেন। পরে যশোর উপশহর কলেজ মাঠে তিনি বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় ভাষণ দিবেন। সভায় সভাপতিত্ব করবেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেন, ২রা ফেব্রুয়ারি সকালে বিএনপি চেয়ারম্যান খুলনায় এক জনসভায় ভাষণ দেবেন। সেখান থেকে তিনি যশোর উপশহর কলেজ মাঠে আসবেন। আমরা দুপুর ১২টা থেকেই জনসভার কার্যক্রম শুরু করব।

তিনি আরও বলেন, চেয়ারম্যান মঞ্চে ওঠার আগেই বৃহত্তর কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর, নড়াইল, মাগুরা ও ঝিনাইদহ জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এবং বিএনপির প্রার্থীরা বক্তব্য দেবেন। প্রায় ২ লাখ মানুষের জনসমাগমের লক্ষ্য নিয়ে সভাস্থল প্রস্তুত করা হচ্ছে।

দলীয় সূত্রে জানা গেছে, কলেজ মাঠের পাশের ঈদগাহ ময়দান, বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউট স্কুল মাঠ এবং উপশহর পার্কেও নেতাকর্মীদের অবস্থানের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। এছাড়া জনসাধারণের সুবিধার্থে একাধিক এলইডি স্ক্রিন স্থাপন করা হচ্ছে।

এই বিষয়ে যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানিয়েছেন, জনসভাস্থল ও আশপাশের এলাকায় পাঁচ শতাধিক পুলিশ সদস্য মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এরই মধ্যে মাঠে পুলিশসহ বিভিন্ন ইউনিট সাদা পোশাকে দায়িত্ব পালন করছে।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.